২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গৃহবধূকে হত্যার অভিযোগ

মাদারীপুর ও ফেনীতে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 08:55 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর ও ফেনীতে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনির নবগ্রামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ মঙ্গলবার রাতে উদ্ধার করেছে পুলিশ। মৃত মনিকা বাড়ৈর পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। মনিকার মৃত্যুর পর থেকে তার স্বামী অপূর্ব বাড়ৈ পলাতক। দুই বছর আগে তার সঙ্গে মনিকার বিয়ে হয়। কালকিনি থানার উপপরিদর্শক মো. সায়েকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় রাতে মনিকাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন অপূর্ব ও তার ভাই অমৃত বাড়ৈ। সেখানে অবস্থার অবনতি ঘটলে মাদারীপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা সায়েক বলেন, "অন্য নারীর সঙ্গে অপূর্বে সম্পর্ক ছিলো বলে মনিকার সন্দেহ ছিলো। সে দিয়ে ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অপূর্ব ও অমৃত বাড়ৈ মনিকাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয় বলে স্থানীয়রা বলছেন।" এ ঘটনায় মামলা হচ্ছে বলে কালকিনি থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন। ফেনী প্রতিনিধি জানান, মৃত পুত্রবধূ জেসমিন আক্তারকে সদর হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যাওয়ার সময় নূর ইসলাম নামে এক ব্যক্তিকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার করেছে পুলিশ। জেসমিনকে হত্যার কথা নূর ইসলাম স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। স্থানীয়রা জানায়, দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৈখালী গ্রামের নুরুল আবছারের সঙ্গে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের রাস্তারখিল গ্রামের জয়নাল আবদীনের মেয়ে জেসমিন আক্তারের আট মাস আগে বিয়ে হয়। পারিবারিক নির্যাতনের এক পর্যায়ে মঙ্গলবার রাতে জেসমনিকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.