২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে 'সিটি ট্যুর সার্ভিস' চালু

চট্টগ্রামে 'সিটি ট্যুর সার্ভিস' নামে নতুন বাস সার্ভিস চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 04:53 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে 'সিটি ট্যুর সার্ভিস' নামে নতুন বাস সার্ভিস চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। মঙ্গলবার সকালে নগরীর 'স্বাধীনতা কমপ্লেক্সে' মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ফারুক আহমেদ এই সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (যান্ত্রিক) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মো. সেকান্দর, মাহবুবুল আলম, কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত, যান্ত্রিক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুদীপ বসাক উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ১০টি বাস নিয়ে এই সার্ভিস চালু করা হয়েছে। নগরীর ১০ নম্বর রুটে বহদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্স থেকে পতেঙ্গা সী বিচের সিটি কর্পোরেশন রিসোর্ট পর্যন্ত চলবে। ৪০ আসনের এসব বাসে অর্ধেক আসন নারী ও শিশুদের জন্য বরাদ্দ রয়েছে। মূলত শিশু ও নারীদের দুর্ভোগ কমানোর লক্ষে এই সার্ভিস চালু করা হয়েছে বলে তিনি জানান। নগরীর জিইসি মোড়, বাদামতলী ও ইপিজেড মোড়ে এ সার্ভিসের স্টপেজ থাকবে। সিসিসির যান্ত্রিক বিভাগের উপ-প্রকৌশলী সুদীপ বসাক জানান, এ বাসে বহদ্দারহাট থেকে সী-বিচ পর্যন্ত এই সার্ভিসে ২০ টাকা ভাড়ায় যাতায়াত করা যাবে। তবে কর্মজীবী মহিলাদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এছাড়া প্রতিবন্ধীরা বিনাভাড়ায় এই সার্ভিসে যাতায়াত করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২২৩৪ ঘ.