ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একশ দিনের কর্মসৃজন কর্মসূচি, গ্রামীণ মজুরদের জন্য 'পূর্ণাঙ্গ শ্রম আইন' প্রণয়নসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি আগামী বৃহস্পতিবার এক ঘন্টার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা।
এতে বলা হয়, উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে মঙ্গা দেখা দেয়। মঙ্গা ঠেকাতে সরকারি উদ্যোগ প্রয়োজনের তুলনায় খুবই অপর্যাপ্ত। সরকারি সাহায্যের মাত্র ৩৫ শতাংশ মঙ্গাপীড়িত মানুষের কাছে পৌঁছে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সারা বছর কাজ এবং ন্যায্য মজুরি, অবিলম্বে পল্লী রেশনিং চালু করে চাল-আটা পাঁচ টাকা, তেল-ডাল ৩০ টাকা, চিনি-কেরোসিন ১৫ টাকা, এনজিও ঋণ থেকে মানুষকে মুক্ত করা, ভূমি কমিশন গঠন করে খাস জমি, পুকুর, জলাশয়-জলমহাল ভূমিহীন-ক্ষেতমজুরদের বরাদ্দ, গ্রামে গণশিক্ষা চালু এবং গ্রামীণ মজুরদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে হাতিয়ায় ভূমিহীন-ক্ষেতমজুরদের ওপর ভূমিদস্যুদের হামলার নিন্দা এবং তাদের শাস্তির দাবি জানানো হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শামসুজ্জামান সেলিম, কার্যকরী কমিটির সদস্য সোহেল আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24