২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, গ্রেপ্তার ১

নওগাঁর মান্দা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 05:36 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

নওগাঁ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর মান্দা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ে ছবি ভাংচুরের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- উপজেলার শিশইল সোনাপুর গ্রামের সরাফতদৌলা ওরফে মুনলাইট (৪০)। বিদ্যালয়ের শিক্ষকদের বরাত দিয়ে মান্দা থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, বেলা ১১টার দিকে সরাফত বিদ্যালয়ের কার্যালয় যান। তিনি কার্যালয় কক্ষের দেয়ালে টানানো বঙ্গবন্ধুর ছবির দিকে ইঙ্গিত করে নামের আগে 'মো.' লেখা না থাকা নিয়ে কটুক্তি করেন। এনিয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সরাফত দেয়াল থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ভাংচুর করেন। ঘটনাটি পুলিশকে জানানোর পর মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট শরিফ উদ্দিন, ওসি এ কে এম খালেকুজ্জামান, ওসি (তদন্ত) এনামুল হক বিদ্যালয়ে যান। পরে বিকাল ৪টার দিকে বিদ্যালয়ের পাশের সাতাইল গ্রাম থেকে সরাফতকে গ্রেপ্তার করা হয়। ওসি খালেকুজ্জামান জানান, ছবি ভাংচুরের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী বাদি হয়ে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৮ ঘ.