চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার আশুলিয়া থেকে চুরি যাওয়া তৈরি পোশাক পণ্য চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকার আবুল হোসেনের বাড়ির একটি গুদাম থেকে চুরি যাওয়া রপ্তানি পণ্যের সিংহভাগ উদ্ধার করে নগরীর ডবলমুরিং থানা পুলিশ।
পুলিশ বলেছে, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং, বন্দর ও হালিশহর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- ফরিদ (২২), বাচ্চু (২১), মহিউদ্দিন (২২) ও আসলাম (৫০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ অক্টোবর সাভারের স্টারলিংক স্টাইল গার্মেন্টসের প্রায় ৩২ লাখ টাকা মূল্যের পণ্য নিয়ে আশুলিয়া থেকে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এরপর থেকে ভ্যানটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
তিনি জানান, এসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির উদ্দেশ্যে বন্দরে পাঠানো হচ্ছিলো।
ভ্যানটি বন্দরে না পৌঁছালে স্টারলিংক গার্মেন্টসের মালিক পক্ষ সেদিনই আশুলিয়া থানায় একটি চুরির মামলা করেন বলে ওসি জানান।
তিনি জানান, রোববার রাতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর সোমবার বুড়িশ্চর এলাকার আবুল হোসেনের বাড়ি থেকে চুরি যাওয়া পণ্যের অধিকাংশ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন- তারা গার্মেন্টস পণ্য চুরির সংঘবদ্ধ চক্রের সদস্য।
আইনুল বলেন, তাদের আশুলিয়া থানার চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে কাভার্ড ভ্যানটির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, চুরির সঙ্গে ওই বাড়ির কেউ জড়িত কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/এমএসবি/২২১১ ঘ.
bdnews24