২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা দূরপাল্লার বাস বন্ধ

বাস শ্রমিক ও মটর শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

চাঁপাইনবানগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিক ও মটর শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দূরপাল্লার বাস শ্রমিকরা ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেয়। মটর শ্রমিকরা জানায়, মটর শ্রমিক ইউনিয়নের সদস্য বাস চালক সেলিম রোববার বিকালে হানিফ এন্টারপ্রাইজ, ন্যাশনাল পরিবহনসহ ঢাকাগামী বেশ কয়েকটি বাসে বিনা ভাড়ায় ঢাকা যাওয়ার চেষ্টা করে। এতে দূরপাল্লার বাসের টিকিট মাস্টাররা অস্বীকৃতি জানালে সেলিমের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এর জের ধরে বিকালে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মটর শ্রমিকরা টার্মিনালে আটক করে। খবর পেয়ে দূরপাল্লার বাস শ্রমিকরা টার্মিনাল থেকে বাসটি পরে ছাড়িয়ে নেয়। তারা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য শরিফুলকে মারধর করে বলেও অভিযোগ করে মটর শ্রমিকরা। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসে হামলা চালায় ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেয়। ঢাকা কোচ মাস্টার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইসারুল হক বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মটর শ্রমিকদের হামলার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।" তিনি জানান, এর নিরসনে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতিকে জানানো হয়েছে। মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নিয়ে মঙ্গলবার সকালে উভয় পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।" তবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল ঢাকাগামী দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, "হানিফ এন্টারপ্রাইজ ছাড়া ঢাকাগামী সব বাস চলাচল করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০৩১ ঘ.