চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোররাতে চকবাজারের গুলবাজার টাওয়ারের তৃতীয় তলায় টেকনো মিডিয়া নামে প্রতিষ্ঠানটিতে এ চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিপণী বিতানের দুই নিরাপত্তা প্রহরীকে অজ্ঞান করে ভোর রাতের দিকে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।"
দোকানের মালিক আলী রাজা চৌধুরী বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, দোকান থেকে ৯১ টি মোবাইল ফোন সেট, দেড়শটি মেমোরি কার্ড, বিপুল পরিমাণ সিম কার্ড ও নগদ ২০ হাজার টাকা খোয়া গেছে।
পাঁচলাইশ থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) শওকত কবীর জানান, বিপণী বিতানের তিন দারোয়ানের মধ্যে দুজনকে অজ্ঞান করে এ ঘটনা ঘটানো হয়েছে। অপরজনকে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24