খুলনা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য খুলনার ফুলতলা উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাতে উপজেলার দক্ষিণডিহি গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত গৃহবধূ হলেন- সায়রা বেগম (২৫)। তার স্বামীর নাম- বিল্লাল শেখ (২৯)।
ফুলতলা থানার ওসি কাজী দাউদ হোসেন সাংবাদিকদের জানান, বিয়ের পর থেকে বিল্লাল যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন বলে তারা অভিযোগ পেয়েছেন।
স্থানীয়রা বলেছে, প্রায় দশ বছর আগে উপজেরার গাড়াখোলা গ্রামের সায়রার সঙ্গে বিল্লালের বিয়ে হয়।
শনিবার রাতে বিল্লাল তার স্ত্রী সায়রাকে মারধর করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান।
নিহতের ভাইপো শফিকুল ইসলাম গাজী জানান, শনিবার রাতে তাদেরকে খবর দেওয়া হয় সায়রা আত্মহত্যা করেছে। পরে তারা গিয়ে দেখতে পান সায়রার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শফিকুল দাবি করেন, তার ফুফুকে প্রথমে মারধর এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.
bdnews24