২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবলায় শুঁটকি মৌসুম শুরু

সুন্দরবন উপকূলের দুবলা জেলেপল্লীতে শীতকালীন মৎস্য আহরণ মৌসুম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

বাগেরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবন উপকূলের দুবলা জেলেপল্লীতে শীতকালীন মৎস্য আহরণ মৌসুম শুরু হয়েছে। 'শুঁটকি মৌসুম' বলে পরিচিত মাছ ধরার এই মৌসুমকে সামনে রেখে উপকূলীয় জেলাগুলো থেকে জেলেরা দুবলা জেলেপল্লীতে ভিড় জমাতে শুরু করেছে। এবারের মাছ ধরা ও শুঁটকি তৈরি কাজ ১৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ফেব্র"য়ারী পর্যন্ত। সুন্দরবন পূর্ব বিভাগ এই মৌসুমে দুবলা জেলেপল্লীতে শিশুশ্রম নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুঁটকি মৌসুম উপলক্ষে ইতোমধ্যে এক হাজার ছয়শ' বহদ্দারকে (জেলেদল পরিচালনাকারী মহাজন) দুবলায় অস্থায়ী ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এ বছর বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে দুবলা থেকে বন বিভাগ দেড় কোটি টাকা রাজস্ব পাবে বলে তিনি প্রকাশ করেন। মিহির জানান, দুবলায় আসা জেলেদের নিরাপত্তা দিতে এই জেলেপল্লীর পথে বন বিভাগের সব টহল ক্যাম্প ও স্টেশনগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুবলায় শিশুশ্রম নিষিদ্ধ করে মাছ ধরা, শুকানো বা অন্য কোনো কাজে তাদের ব্যবহার না করতে জেলেদের সতর্ক করে দেওয়া হয়েছে। বনবিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন দুবলা জেলেপল্লী ১৩টি চরের মৎস্য আহরণ ও প্রক্রিয়াকরণ এলাকা নিয়ে গঠিত। এলাকাগুলো হচ্ছে- দুবলা, মেহের আলীর চর, আলোর কোল, অফিস কেল্লা, মাঝের কেল্লা, শেলার চর, নারকেলবাড়িয়া, আমবাড়িয়া, মানিকখালী, কবরখালী, কোকিলমনি, ছাপড়াখালীর চর ও হলদাখালী চর। বাগেরহাটের মংলা থেকে নৌ-পথে দুবলার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। প্রতি বছর শুঁটকি মৌসুমে গড়ে পঁচিশ থেকে ত্রিশ হাজার জেলে এখানে মাছ ধরতে আসে। তারা চরে বসবাসের জন্য অস্থায়ী ঘর ও শুঁটকির মাচা তৈরি করে। জ্বালানি ও মাছ ধরার কাজে বনের কাঠ ও গোলপাতা ব্যবহার করে। মাছ ধরা ও বনজ সম্পদ ব্যবহারের বিনিময়ে তারা সুন্দরবন পূর্ব বিভাগকে রাজস্ব দেয়। দুবলা জেলেপল্লীর মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারমেন গ্র"পের চেয়ারম্যান জিয়া উদ্দিন জানান, অক্টোবর মাসের অমাবশ্যা তিথি থেকে সাগরে ইলিশ ধরার মৌসুম শেষ হয়েছে এবং দুবলার শুঁটকি মৌসুম শুরু হয়েছে। এবার শুঁটকি মৌসুমে দুবলায় অন্তত ত্রিশ হাজার জেলে মাছ ধরতে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। জিয়া জানান, জেলেদের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি দুবলা ফিশারমেন গ্র"পের নিজস্ব উদ্যোগে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শামীম খালেক জানান, দুবলা জেলেপল্লীতে আসা জেলেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার থেকে সুন্দরবন পূর্ব বিভাগের সুপতি স্টেশনে কোস্টগার্ডের নতুন একটি কনটিনজেন্ট কাজ শুরু করেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.