২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পূজামণ্ডপে হাজারো ভক্তের ঢল

বন্দরনগরীর পূজা মণ্ডপগুলোতে হাজারো ভক্তের ঢল নেমেছে। সব বয়সের মানুষ দল বেঁধে মধ্য রাত পর্যন্ত নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন দেবী দর্শনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর পূজা মণ্ডপগুলোতে হাজারো ভক্তের ঢল নেমেছে। সব বয়সের মানুষ দল বেঁধে মধ্য রাত পর্যন্ত নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন দেবী দর্শনে। শুক্রবার মহাঅষ্টমী ও শনিবার নবমীর রাতে নগরীর পূজামণ্ডপগুলোতে তিল ধারণের স্থান ছিল না। অনেক মণ্ডপে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পুজা অর্চনা দেখছেন ভক্তরা। নবমীর দিন সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা দেখা গেছে। গত তিনবারের চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) এলাকায় সেরা পূজার পুরস্কার পাওয়া হাজারী গলির পূজায় এবারো আছে নতুনত্বের ছোঁয়া। ভারতের সূর্য মন্দিরের আদলে তৈরী করা হয়েছে পূজামণ্ডপ। মণ্ডপের দেওয়াল ও ছাদে পৌরাণিক দেব- দেবী, হাতী , বাঘ, ময়ুরসহ বিভিন্ন প্রাণীর মূর্তি শোভা পাচ্ছে। হাজারী গলি পূজা কমিটির প্রধান উপদেষ্টা ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারে সূর্য মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করতে আট লাখ টাকা খরচ হয়েছে। আশাকরি এবারো সিসিসি'র সেরা পূজার পুরস্কার পাব। তিনি জানান, রাত তিনটা পর্যন্ত ভক্তরা পূজা দেখতে আসেন। শুক্রবার প্রায় ত্রিশ হাজার মানুষ পূজার অর্চনা দেখেছেন বলে তার দাবি। নগরীর আগ্রাবাদ এলাকায় গোসাইলডাঙ্গা সর্বজনীন পূজা মণ্ডপে বানানো হয়েছে একটি কৃত্রিম পুকুর। পুকুর পাড়ে কাশবন, পানিতে পাঁচটি দেব-দেবীর মূর্তি। নগরীর বন্দর এলাকার বাসিন্দা তাপস দাশ বিডিনিউজকে বলেন, গত ১৫ বছর ধরে বন্ধুদের নিয়ে পূজা দেখে আসছি। তিনি জানান, গোসাইলডাঙ্গার মণ্ডপ এবার ব্যতিক্রম হয়েছে। তাই বন্ধুদের নিয়ে দেখতে এসেছি। চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। রোববার প্রতিমা বির্সজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, প্রতিবারের মত এবারো পতেঙ্গা সমুদ্র সৈকত, পাথরঘাটা গঙ্গা বাড়ি ঘাট, কাট্টলী সমুদ্র সৈকতসহ বেশ কিছু এলাকায় প্রতিমা বির্সজন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২২১৮ ঘ.