চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এরা হলো-শহিদুল, এনাম, আব্দুর রহমান, রেদওয়ান ও বেলাল।
তারা সবাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা এবং গণপিটুনির ঘটনাস্থল তিনপোল এলাকার সফিনা মার্কেটের বিভিন্ন দোকানের কর্মচারী।
শনিবার ভোরে নগরীর কোতয়ালী থানার তিনপোল এলাকার সফিনা মার্কেটের নীচতলায় চোর সন্দেহে মো. বাবুল (৩০) ও খোকন (৩৫) নামে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
নগরীর কোতয়ালী থানার উপ-পরিদর্শক নাজনীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণপিটুনির ঘটনায় জড়িত সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/২১৩৯ ঘ.
bdnews24