নওগাঁ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলায় গুদামের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকদের হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করে মহাসড়ক অবরোধ করেছে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
এদিকে ত্র"টিপূর্ণ দেয়াল নির্মাণ করায় এ মৃত্যু হয়েছে অভিযোগ করে থানায় একটি মামলা হয়েছে।
শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্মাণ শ্রমিকরা উপজেলার চকগৌরিহাট এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কটি অবরোধ করে রাখে। মহাসড়কে প্রতিবাদ সমাবেশও করে তারা।
সমাবেশে ওই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিহত শ্রমিকদের পরিবারকে এক বছরের আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়। তাদের এ দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণারও হুমকি দেন বক্তরা।
গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চকগৌরী হাট এলাকায় একটি নবনির্মিত গুদামের দেয়াল ধসে চার নির্মাণ শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হন।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার গোয়ালমারি গ্রামের রাসেল (২৫), মনসুর আলী (৬২), এমদাদুল হক (৩০) ও রুবেল (২২)। শনিবার সকালে পুলিশ তাদের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহতরা হলেন- গোয়ালমারি গ্রামের হোসেন আলী (২৪), পাতনার বাবুল (২৫) ও কসবা গ্রামের শহিদুল ইসলাম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চকগৌরীহাটে কাশেম আলী মণ্ডলের ভাই ভাই চালকলের একটি গুদামের ২০ ফুট উঁচু দু'টি ইটের দেয়াল ভিজিয়ে প্লাস্টার লাগানোর সময় হঠাৎ করে শ্রমিকদের ওপরে ভেঙে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, দেয়াল দু'টি মাটির গাঁথুনি দিয়ে তৈরি করা হয়েছিল।
এ ঘটনায় উপজেলার ভীমপুর ইউনিয়নের দফাদার রামচরণ রবিদাস ওইদিন রাতেই কাসেম আলী মণ্ডলকে আসামি করে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেয়াল নির্মাণে ত্র"টি ও চালকল মালিকের অবহেলার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণ হয়েছে।"
এদিকে স্থানীয়রা জানিয়েছে, ভীমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বকুলের মধ্যস্থতায় নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে চালকল মালিক কাশেম আলীর আপস হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোশারফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত ওই চার শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ৪০ হাজার টাকা ও এক বস্তা করে চাল ও আহতদের চিকিৎসাখরচ দেওয়ার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24