মুন্সীগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনায় ডুবে যাওয়া দুজনের সন্ধান শনিবার বিকাল পর্যন্ত পাওয়া যায়নি।
অবস্থান চিহ্নিত করার পরও ওঠানো যায়নি নৌকাটি।
শুক্রবার সকালে গজারিয়ার ডোবার চরের কাছে বালুবাহী একটি জাহাজের ধাক্কায় একটি নৌকা ডুবে গেলে নিখোঁজ হন নৌকারোহী আব্দুল মান্নান (৪০) ও তার ছেলে সবুজ (৮)।
গজারিয়া থানার ওসি আরজু মিয়া শনিবার সাংবাদিকদের বলেন, "ডুবুরীরা বহু চেষ্টা করেও নৌকাটি তুলতে পারেনি। নৌকাটির একটি অংশ বালুর নিচে আটকে গেছে।"
নিখোঁজ দুজনের সন্ধানও চলছে বলে জানান তিনি।
মান্নানের বাড়ি কুষ্টিয়ায়, তবে তিনি নারায়ণগঞ্জ থাকতেন। নৌকায় চড়ে নারায়ণগঞ্জ থেকে তারা গজারিয়া আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24