মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্ট মার্টিনসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক যাতায়াত সীমিত করা হচ্ছে এ শীত মৌসুম থেকেই; শুধু তাই নয়, দ্বীপের জমি বাইরের কারো কাছে বিক্রি বন্ধের উদ্যোগও নেওয়া হচ্ছে।
সেন্ট মার্টিনস দ্বীপ ব্যবস্থাপনায় পরিবেশ ও বন মন্ত্রণালয় ২৫ দফা সুপারিশ চূড়ান্ত করেছে। এর আলোকে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বদরমোকাম থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষের বসবাস।
৫৯০ হেক্টর আয়তনের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ দেশের সর্বদক্ষিণের এ দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পর্যটন মৌসুম অর্থাৎ শীতকালে প্রতিদিন গড়ে দেড় হাজার পর্যটক যায় সেখানে।
মাত্রাতিরিক্ত পর্যটক উপস্থিতির পাশাপাশি তাদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে দ্বীপটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও আবর্জনা সমস্যা চরম আকার ধারণ করেছে বলে সরকারের অডিট বিভাগ ও পরিবেশ বিশেষজ্ঞদের যৌথ পরিবেশগত নিরীক্ষা প্রতিবেদনে বলা হচ্ছে। গত বছর সংসদে উপস্থাপিত ওই প্রতিবেদনে প্রবাল দ্বীপটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার এবং সেখানে পর্যটকদের যাতায়াত সীমিত করার সুপারিশ করা হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার গত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব সুপারিশ বাস্তবায়নের জন্য শিগগির আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে। জাহাজ ও পর্যটক গমনাগমন সীমিত করাসহ অন্যান্য বিষয় দ্রুত বাস্তবায়নে কাজ করবো আমরা।"
মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেন্টমার্টিন'স এর জীববৈচিত্র্য সংরক্ষণে গত বছর ডিসেম্বরে বেশ কিছু সুপারিশ মন্ত্রণালয়ে এসেছে। এর ভিত্তিতে আসন্ন পর্যটন মৌসুম থেকেই দ্বীপে পর্যটকের যাতায়াত সীমিত করা হতে পারে।
তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই সিদ্ধান্ত বাস্তবায়নের পুরো কার্যক্রমের সমন্বয় করা হবে বলে জানান তিনি।
পরিবেশ অধিদপ্তর বাস্তবায়নাধীন 'উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্প (সিডব্লিউবিএমপি)' পরিচালক মো. জাফর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যটক ও জাহাজের সংখ্যা এমনভাবে সীমিত করতে হবে যাতে দ্বীপের ধারণ ক্ষমতার চেয়ে মানুষের সংখ্যা ৮০০ অতিক্রম না করে।
সেন্ট মার্টিনসের সমস্যা তুলে ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পর্যটকদের চাহিদা পূরণ করতে গিয়ে দ্বীপের পানিস্তর নিচে নেমে যাচ্ছে। কিছুদিন পর দেখো যাবে নলকূপে নোনা পানি উঠবে। এতে দ্বীপের বাসিন্দারা বিপদে পড়বে। পর্যটন স্থানের মর্যাদাও হারাবে দ্বীপটি।"
তিনি জানান, বর্ষা মৌসুমে পানি ঘোলা থাকায় সামুদ্রিক প্রাণীর খাদ্য উৎপাদন ও বেড়ে উঠা সাময়িক ব্যাহত হয়। তবে শীত মৌসুমে দ্বীপের আশপাশের পানি স্বচ্ছ থাকে, সূর্যের আলোর বিকিরণে প্রবালসহ জীববৈচিত্র্য বিকাশের তখনই উপযুক্ত সময়।
"পর্যটকের সীমিত উপস্থিতি থাকলে জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করবে", বলেন অধ্যাপক জাফর।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে 'সেন্ট মার্টিনস দ্বীপের টেকসই ব্যবস্থাপনা' বিষয়ক এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, অনিয়ন্ত্রিত যাত্রীবাহী জাহাজ চলাচল, দ্বীপের ধারণ ক্ষমতার অতিরিক্ত পর্যটকের গমনাগমন, সরকারের অনুমতি ছাড়া যত্রতত্র হোটেল-মোটেল-রেস্তোরাঁ নির্মাণ এবং তাতে অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি তোলা দ্বীপটির জন্য বড় হুমকি।
ভুমি, নৌ, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করার জন্য আরো যেসব সুপারিশ রয়েছে, তাতে ভূমির প্রকৃতি পরিবর্তন রোধ ও ভূমির অপব্যবহার নিয়ন্ত্রণের জন্য দ্বীপের জমি বহিরাগতদের কাছে বিক্রয় বা হস্তান্তর সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে।
একই সঙ্গে দ্বীপে গড়ে উঠা অবৈধ অবকাঠামো উচ্ছেদ করার পাশপাশি বৈদ্যুতিক পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলন নিষিদ্ধের সুপারিশও এসেছে।
সেন্ট মার্টিনস রক্ষার বিষয়ে পর্যটন সচিব শফিক আলম মেহেদী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্বীপটি বাঁচাতে আমরাও সহায়তা করবো। আমরা চাই, প্রতিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ
bdnews24