সাভার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে গাজিরচট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মো. সুজন মিয়া (১৫)। আশুলিয়ার গাজিরচট এলাকার মুন্সিপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে সুজন গাজিরচট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানা আইডিএস গ্র"পের পিছনে ফেলে রেখে যায়।
পরিবারের সদস্যরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ও পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করে। সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওসি বলেন, হত্যাকাণ্ডের পেছনে সুজনের বন্ধুরা জড়িত বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মা সুমি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৮টার দিকে সুজন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিন ভাইয়ের মধ্যে সুজন সবার ছোটো ছিলো বলে জানান সুমি আক্তার।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০০ ঘ.
bdnews24