ঠাকুরগাঁও, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহত হাসিনা খাতুন (৩৫) ঠাকুরগাঁও পৌরসভার সাহাপাড়া মহল্লার রং মিস্ত্রি ইদু মিয়ার স্ত্রী। তিনি ঠাকুরগাঁও থানার পুলিশ ক্লাবে রান্নার কাজ করতেন।
হাসিনার আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি মৃত্যুর আগে হাসপাতালে বলেন, কালীবাড়ি বাজারের কয়েকজন ব্যক্তির অশালীন আচরণ তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌর হল সংলগ্ন ফাঁকা মাঠে হাসিনা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভালেও ততক্ষণে হাসিনার দেহের অধিকাংশ স্থান পুড়ে যায়।
হাসিনাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ ও ওসি গোপাল চক্রবর্তী বৃহস্পতিবার সদর হাসপাতালে হাসিনাকে দেখতে যান।
ওসি জানান, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬৩০ ঘ.
bdnews24