ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় আবহাওয়া অদিপ্তরের এক বিশেষ বুলেটিনে একথা জানিয়ে বলা হয়েছে, নিম্নচাপটি আরো জোরদার হয়ে সন্ধ্যা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
বুলেটিনে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি কিছুটা উত্তরপশ্চিম দিকে সরে একই এলাকায় অবস্থান করছে।
এটি শুক্রবার সকাল ০৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো।
গভীর নিম্নচাপটি আরো জোরদার হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে ।
বুলেটিনে জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল থাকবে।
বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বুলেটিনে।
এর আগে গত সপ্তাহেও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়। সেটির প্রভাবে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। এতে ঘরচাপা পড়ে, পানিতে ডুবে ও বজ্রপাতে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/০৯১৪ ঘ.
bdnews24