হবিগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৯ নং ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এর ফলে এই কেন্দ্র থেকে ৯০ মেগাওয়াটের স্থলে জাতীয় গ্রীডে সরবরাহ হচ্ছে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ।
বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেনারেটরের রোটর গ্রাউন্ড হওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়।
ইউনিটটি কবে নাগাদ চালু করা সম্ভব হবে তা জানা যায়নি।
শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ সেন বলেন, "কবে নাগাদ এটি চালু করা সম্ভব হবে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।"
তিনি জানান, ঢাকার সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন এই ইউনিটটি পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার শাহজিবাজার আসছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে কবে নাগাদ এটি চালু করা সম্ভব হবে।
১৯৬৮ সালে হবিগঞ্জের শাহজিবাজারে স্থাপিত হয় ১০৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৭ ইউনিটের গ্যাসভিত্তিক শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সে সময় স্থাপিত যন্ত্রগুলোর মেয়াদ ছিল ২০ বছর।
পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ যন্ত্র দিয়েই প্রায় ৩০ বছর চলার পর বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট অকেজো হয়ে পড়ে। এর মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ ও ৬ নং ইউনিট দেশীয় প্রকৌশলীরা প্রায় ১ কোটি টাকা ব্যয়ে চালু করেন।
২০০১ সালের ৭ জুলাই ৩৫ মেগাওয়াট করে মোট ৭০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৮ ও ৯ নং ইউনিট চালু করা হয়। এর মধ্যে বুধবার রাতে জেনারেটরের রোটর গ্রাউন্ড হওয়ায় বন্ধ হয়ে যায় ৯ নং ইউনিট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫৫ ঘ.
bdnews24