মাদারীপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলায় ছিনতাই করা একটি মাইক্রোবাসসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৫৭১) শিবচরে আছে- এ খবর পেয়ে পুলিশ পাঁচ্চর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।
বিকাল সাড়ে ৩টার দিকে মাইক্রোবাসটি বাসস্ট্যান্ডে এলে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। এ সময় এক ছিনতাইকারী ও গাড়িরচালক দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
পরে মাইক্রোবাসে থাকা বাকি দুজনকে আটক করা হয়।
এরা হলেন- চালক জিল্লুর রহমান (৩৫), ছিনতাইকারী আমিনুল ইসলাম (৪২), মহ্বিুল ইসলাম বাবু (২৬) ও মোবারক হোসেন (৩৫)।
এদের সকলের বরিশাল জেলার মুলাদী উপজেলায়।
পুলিশ সার্জেন্ট আরো জানান, গ্রেপ্তারকৃতরা গাড়ি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মাইক্রোবাসটি ও গ্রেপ্তারকৃতদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৮ ঘ.
bdnews24