ঝিনাইদহ, অক্টেবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলা স্বাস্থ্য বিভাগে এলএমএসএস পদে নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঝিনাইদহে আরেকটি মামলা হয়েছে।
এই মামলায় আদালত সিভিল সার্জনসহ ১২ জনকে তলব করেছে।
মঙ্গলবার জ্যেষ্ঠ সহকারী জজ বেগম বুশরা সাইয়েদা এ নির্দেশ দেন।
স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষার ফল বাতিলের আবেদন জানিয়ে ওইদিন সকালে শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের শাহাদাৎ হোসেন ওই আদালতে মামলাটি করেন।
এর আগে গত ৫ অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের লিটু বিশ্বাস একই আদালতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নির্ধারিত কোটা না মানার অভিযোগে একটি মামলা করেন।
বুধবারের মামলায় নিয়োগ কমিটির সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক ডা. এ কে এম আব্দুস সামাদ, নিয়োগ কমিটির সচিব ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কেরামত আলী, সদস্য এনডিসি ডা. হারুন অর রশিদ ও এমএলএসএস পদে নিয়োগ পাওয়া নয়জনকে বিবাদী করা হয়।
অভিযোগ শুনানি শেষে বিচারক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, এলএমএসএস পদে ঝিনাইদহ জেলার লোক নিয়োগের কথা থাকলেও সিভিল সার্জন ঘুষের বিনিময়ে অন্য জেলার লোক নিয়োগ দিয়েছেন।
বাদি নিজেকে একজন প্রতিবন্ধী ও এতিম উল্লেখ করে অভিযোগ করেন, ৩০ সেপ্টেম্বর নিয়োগ ফলাফলে প্রতিবন্ধী ও এতিম কোটায় কাউকে নির্বাচিত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24