বগুড়া, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খোলা বাজারে পণ্য বিক্রির ডিলারশিপ নিয়ে সরকার সমর্থকরা বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ভাংচুর করেছে।
বুধবার দুপুরে এই ঘটনার সময় কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম উকিল সাংবাদিকদের জানান, তার অনুপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও নাগরিক কমিটির সভাপতি কামাল উদ্দিন কবিরাজ লোকজন নিয়ে তার কক্ষে ঢুকে টেবিলের কাচ ভাংচুর করেন।
তিনি জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনও কার্যালয়ের এক কর্মচারী জানান, দুপুর দেড়টায় বগুড়ার কাহালু উপজেলায় দুজন খোলা বাজারে পণ্য বিক্রির (ওএমএস) ডিলার নিয়োগ করার কথা ছিলো।
ডিলারশিপের জন্য সাতজন আবেদন করেছিলেন। পর্যালোচনা শেষে দুজনকে ডিলারশিপ দেওয়া হয়।
ওই কর্মচারী জানান, টনি নামের এক ব্যক্তিকে ডিলারশিপ দেওয়ার জন্য কাহালু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সভাপতি কামাল উদ্দিন কবিরাজ ইউএনওকে চাপ দেন।
ডিলারশিপ না দেওয়ায় কামাল তার লোকজন নিয়ে ইউএনও'র কক্ষে হামলা চালান। কর্মচারীরা বাধা দিলে তাদের সঙ্গে হাতাহাতি হয়।
প্রত্যক্ষদর্শী কাহালুর বীরকেদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, এ ধরনের ভাংচুর ও গালাগালির ঘটনা দুঃখজনক।
কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জনান।
অভিযোগ অস্বীকার করে কামাল বলেন, ডিলার নিয়োগে লটারি করার কথা ছিলো। কিন্তু তা না করে দুজনকে ডিলার নিয়োগ চূড়ান্ত করায় আবেদনকারীরা ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে।
তিনি ভাংচুরের ঘটনায় জড়িত নয় বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.
bdnews24