২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে সংঘর্ষ থেমেছে

চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত শ্রমিকদের রবার বুলেট ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। জানাচ্ছেন মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত শ্রমিকদের রবার বুলেট ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার বিকালে বন্দর এলাকায় পৌনে এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় আটক করা হয়েছে বেশ কয়েকজন শ্রমিককে। তবে ১২টি জেটিতে পণ্য খালাসের কাজ শুরু হয়নি। ঘোষণা এলেও বিকাল পর্যন্ত সেনা মোতায়েন হয়নি। বুধবার দুপুরের পর বন্দর এলাকায় মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ডক শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে মিছিল শুরু করে আন্দোলনরত শ্রমিকরা। পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে শ্রমিকরাও পাল্টা ইট ছোড়ে। সংঘর্ষের কারণে বন্দর সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল সোয়া ৫টার দিকে শ্রমিকদের হটিয়ে দেয় পুলিশ। পুলিশ অন্তত ২০জন শ্রমিককে আটক করেছে। মহানগর পুলিশের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। তাদের বন্দর থানায় রাখা হয়েছে।" কতজনকে আটক করা হয়েছে, তার সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বন্দরের ডাক বাংলোয় অবস্থান করছেন। সাধারণ শ্রমিকদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। দুপুরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি ঘোষণা দেন, বন্দর সচলের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হবে। সেনা সদস্যদের সহায়তা করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। সেনা মোতায়েনের প্রতিক্রিয়া জানতে চাইলে বন্দর ডক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, "এটা সরকারের ব্যাপার, সরকার সিদ্ধান্ত নেবে। আমরা চাই, আমাদের দাবিগুলো মানা হোক।" দাবি পূরণের আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে তিনি জানান। ডক বন্দর শ্রমিকদের সঙ্গে বার্থ অপারেটরদের দ্বন্দ্বের জের ধরে সোমবার থেকে বন্দরের ১২টি জেটিতে পণ্য খালাস বন্ধ রয়েছে। শ্রমিকরা তাদের দাবি পূরণের আগে নতুন বার্থ অপারেটরদের কাজ করতে দিচ্ছে না। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোররাত পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এবং বার্থ অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন মন্ত্রী। সকালে বৈঠক করেন ডক শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে। শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- বন্দর কর্তৃপক্ষ কর্তৃক তাদের পরিচয়পত্র দেওয়া; তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর যাদের নিয়োগের উপযুক্ত বিবেচনা করা হয়েছে, তাদের পুনর্বহাল; শ্রমিক কল্যাণে বিভিন্ন সুবিধা বাড়ানো। স