চাঁদপুর, অক্টেবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে ডাকাতের হামলায় ৫০ জন গ্রামবাসী আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে দুজন।
পুলিশ দুই রাউন্ড তাজা গুলি ও বিস্ফোরিত বোমার আলামতসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুরিশ জানিয়েছে।
বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আমির আজম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানায়, ডাকাতির প্রস্তুতিকালে ১৫-২০ জনের একদল ডাকাতকে গ্রামবাসী ধাওয়া করে। এ সময় মসজিদ থেকে মাইকিং করে গ্রামের লোকজন জড়ো করা হয়। এক পর্যায়ে ডাকাতদল এলোপাথাড়ি গুলি ও হাতে তৈরি বোমা ছুড়ে পালানোর চেষ্টা করে।
ফরিদগঞ্জ থানার ওসি রনজিত কুমার পালিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতের হামলায় অনেক গ্রামবাসী আহত হয়েছে। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়।"
তিনি জানান, গুলিবিদ্ধ সাগর (১১) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হোসেন ভূঁইয়াকে (১৯) সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাগরের শরীর থেকে একটি গুলি বের করা হয়েছে।
আহতদের মধ্যে রফিক (৪০), নুরুল হক (৪৩), মো. আলী (৩০), মমিন (৫০), আনোয়ার (২৫), আক্তার হোসেন (৩০), মো. সেলিম (২৩), জসিম (২৮), আব্দুস সাত্তার (৬০), জাহাঙ্গীর (২২), সোহেল (২৫), মফিজ (২৭), সাগর হোসেন (১১), জয়নাল (৬০) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
রফিক (৬০) নামের আরেকজন চিকিৎসা নিচ্ছেন সদর হাসপাতালে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
ওসি জানান, গ্রামবাসী তিন ডাকাতকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ও বিস্ফোরিত বোমার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
গ্রেপ্তার ডাকাতদের মধ্যে কামাল (৩৮) চাঁদপুর সদর হাসপাতালে এবং হারুন (২৭) ও মিন্টুকে (৩০) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ওসি রনজিত কুমার জানান, বাকি ডাকাতদের আটক ও অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন ও ডাকাতির অভিযোগে ফরিদগঞ্জ থানায় তিনটি মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৩৬ ঘ.
bdnews24