সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাভার প্রতিনিধি
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারের আমিনবাজারে সালেপুর সেতুর কাছে তুরাগ নদীতে রোববার পড়ে যাওয়া বাসটির নিখোঁজ যাত্রীদের সন্ধান অভিযান বুধবার বিকাল সাড়ে ৩টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
ওই ঘটনায় ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের পরিচয় জানা যায়নি। এছাড়া একজন হাসপাতালে মারা যান।
ওদিকে, দুর্ঘটনাকবলিত বৈশাখী পরিবহনের বাসটির চালকের বিরুদ্ধ মামলা হয়েছে।
অভিযানের দায়িত্বে থাকা ঢাকা সেনানিবাসের ১১ রিভার ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ১৪ স্বতন্ত্র ব্রিগেডের মেজর মো. শাকিল আহমেদ অভিযান সমাপ্তের ঘোষণা দেন।
অবশ্য সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আর কোনো লাশ ভাসতে দেখা গেলে টেলিফোনে তাদেরকে খবর দিলে তারা আসবেন।
মেজর শাকিল জানান, তারা ৩ নং বুড়িগঙ্গা সেতু পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়েছেন। এদিন দুটি হেলিকপ্টারে করে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়েছে। কোনো লাশ পাওয়া যায়নি।
তিনি বলেন, "নিখোঁজ চার যাত্রীর লাশ ৬-৭ কিলোমিটার দক্ষিণে ভাসছে বলে অসমর্থিত সূত্রে পাওয়া খবরটি সত্য নয়। আমি নিজে সেখানে গিয়েছিলাম। কোনো লাশ পাওয়া যায়নি।"
ওই খবরে তার নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল ভাকুর্তা ইউনিয়নের সলমাসী গ্রামের কলাটিয়া পাড়ায় যান।
এর আগে বুধবার সকালে সলমাসী এলাকা থেকেই পুলিশ একজনের লাশ উদ্ধার করে। তার বয়স ৩৫ বছরের কাছাকাছি। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশটি সাভার থানা হেফাজতে রয়েছে।
অজ্ঞাতপরিচয় এক মহিলার লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হয় মঙ্গলবার রাতে।
বুধবার সকালে সালেপুর সেতুর কাছ থেকে পঙ্গু হাসপাতাল মসজিদের ঈমামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেছেন। মামলায় দুর্ঘটনাকবলিত বাসটির চালক মুজিবুর রহমানকে আসামি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে মুজিবুর রহমান নিখোঁজ রয়েছেন। ওসি মাহবুবুর রহমানের ধারণা, গাড়িচালক মুজিবুর বেঁচে নেই।
সাভার থানার এসআই রিফাত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালেপুর সেতুর কাছ থেকে সকালে ঢাকার পঙ্গু হাসপাতাল মসজিদের ঈমাম হাফিজুর রহমানের (৫০) লাশ উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
সলমাসী গ্রামের কলাটিয়া পাড়া এলাকা থেকে ৩৫ বছরের কাছাকাছি বয়সী ওই ব্যক্তির লাশ উদ্বার করা হয়।
এর আগে তিনি অজ্ঞাতপরিচয় এ লাশটি সালেপুর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে পানপাড়া ঘাট থেকে উদ্ধার করার কথা জানিয়েছিলেন।
সকালে উদ্ধার হওয়া হাফিজুরের বড় ছেলে ফয়সাল আহমেদ তার লাশ সনাক্ত করেন।
ফয়সাল সাংবাদিকদের জানান, সেদিন হাফিজুর রহমান তার মামা জলিল মিয়াকে নিয়ে সাভারে যাচ্ছিলেন একটি জমি নিবন্ধন করার কাজে। জলিল মিয়া সেদিন বাসটি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তখন তাদের কাছে ১৪ লাখ টাকা থাকলেও তা তারা পাননি।
ঢাকা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের বাসটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার ৫৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে তুরাগ নদী থেকে বাসটি উদ্ধার করা হয়। ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিলো।
মঙ্গলবার বিকালে দমকল-নৌ-সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল পাঁচটি রেকার ও একটি ক্রেনের সাহায্যে বাসটি তীরে টেনে আনে। সেসময় উদ্ধারকর্মী দল জানায়, ভেতরে আর কোনো লাশ নেই।
তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকে দাবি করেন, তাদের স্বজন দুর্ঘটনার সময় বাসের ভেতরে ছিলেন।
ডুবে যাওয়ার পর বাসের আট যাত্রী তীরে উঠে আসেন। এর মধ্যে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মনোয়ারা খাতুন তারা নিহত হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী।
শুরুতে তিনজন ডুবুরি নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা এবং বাসের সন্ধান না মেলায় দুপুরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। তখন বিক্ষোভরত জনতাকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬২০ ঘ.
bdnews24