ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
শুনানি শেষে বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও শেখ হাসান আরিফের বেঞ্চ এ রায় দেয়। সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদাকে যে নোটিস দেওয়া হয়েছিলো, তা বৈধ বলেছে আদালত।
২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়।
রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৭ মে হাইকোর্ট ওই নোটিশের কার্যক্রম স্থগিত করে।
গত ৬ জুন রিট আবেদনটির ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু করে হাইকোর্ট। পরে গত ২৩ অগাস্ট সরকারের কাছে সেনানিবাসের বাড়ির ইজারা সংক্রান্ত যাবতীয় নথি তলব করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬১১ ঘ.
bdnews24