২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনায় জুতা শ্রমিক খুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বংশালে বুধবার জুতা কারখানার এক শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বংশালে বুধবার জুতা কারখানার এক শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম গোলাপ মিয়া (২৮)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। গ্রেপ্তারকৃত আব্দুর রউফ আরেকটি জুতা কারখানার শ্রমিক। তারও বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে বংশালের সিক্কাটুলি এলাকায় ভাই ভাই নামের একটি খাবার হোটেলে চেয়ারে বসাকে কেন্দ্র করে আরেক জুতা শ্রমিকের বাটালের আঘাতে গোলাপের মৃত্যু হয়। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই এলাকায় একাধিক জুতার কারখানা রয়েছে। এসব জুতার কারখানায় সারারাত কাজ চলে। এ কারণে এখানকার বেশ কয়েকটি হোটেলও সারারাত খোলা থাকে। আকতার হোসেন বলেন, গোলাপ ভোররাতে খাবার খেতে গেলে আরেকটি কারখানার কয়েকজন শ্রমিকও ওই হোটেলে যায়। চেয়ারে কে আগে বসবে এই নিয়ে গোলাপ মিয়ার সঙ্গে তাদের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে একজন জুতার চামড়া কাটার কাজে ব্যবহৃত বাটাল এনে গোলাপ মিয়ার পেটেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয় কয়েকজন আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/আরএ/১৫০৩ ঘ.