সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাভার প্রতিনিধি
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভার উপজেলার আমিনবাজারে সালেপুর সেতুর কাছে তুরাগ নদীতে রোববার পড়ে যাওয়া বৈশাখী পরিবহনের বাসটির চালকের বিরুদ্ধ মামলা হয়েছে।
ওদিকে, ঘটনাস্থল থেকে ৬-৭ কিলোমিটার দক্ষিণে চারটি লাশ ভাসছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে আবারো নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়েছে। দমকল বাহিনীর ডুবুরীরা ছোট ছোট নৌকা নিয়ে নিখোঁজদের সন্ধান করছেন। দুপুর ১টা পর্যন্ত দুটি লাশ উদ্ধার হয়েছে।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেছেন। মামলায় দুর্ঘটনাকবলিত বাসটির চালক মুজিবুর রহমানকে আসামি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে মুজিবুর রহমান নিখোঁজ রয়েছেন।
তবে ওসি মাহবুবুর রহমান বলছেন, গাড়িচালক মুজিবুর মারা গেছেন।
সাভার থানার এসআই রিফাত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালেপুর সেতুর কাছ থেকে সকালে ঢাকার পঙ্গু হাসপাতালের পেশ ঈমাম হাফিজুর রহমানের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সেতু থেকে পাঁচ কিলোমিটার দূরে সালেপুর এলাকার পানপাড়া ঘাট থেকে আরেকজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি সালেপুর সেতুর কাছে পুলিশের হেফাজতে রয়েছে। দুপুর পৌনে ১২টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃত ১৩ জনের লাশের সন্ধান পাওয়া গেলো। এদের মধ্যে পরিচয় মিলেছে ১১ জনের। অজ্ঞাতপরিচয় এক মহিলার লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে।
নিহত হাফিজুরের বড় ছেলে ফয়সাল আহমেদ তার লাশ সনাক্ত করেন।
ফয়সাল সাংবাদিকদের জানান, সেদিন হাফিজুর রহমান তার মামা জলিল মিয়াকে নিয়ে সাভারে যাচ্ছিলেন একটি জমি নিবন্ধন করার কাজে। জলিল মিয়া সেদিন বাসটি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তখন তাদের কাছে ১৪ লাখ টাকা থাকলেও তা তারা পাননি।
ঢাকা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের বাসটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার ৫৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে তুরাগ নদী থেকে বাসটি উদ্ধার করা হয়। ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিলো।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া সাংবাদিকদের জানান, নিখোঁজদের সন্ধান কাজ আজকের মতো (মঙ্গলবার) স্থগিত করা হয়েছে।
দমকল-নৌ-সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল পাঁচটি রেকার ও একটি ক্রেনের সাহায্যে বাসটি তীরে টেনে আনে।
বিকাল ৫টার দিকে বাসটির দু-তৃতীয়াংশ পানির ওপরে ওঠানো হয়। সেসময় উদ্ধারকর্মী দল জানায়, ভেতরে আর কোনো লাশ নেই।
তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকে দাবি করেন, তাদের স্বজন দুর্ঘটনার সময় বাসের ভেতরে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪৮ ঘ.
bdnews24