২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুটি লাশের সন্ধান লাভ

প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভার উপজেলার আমিনবাজারে সালেপুর সেতুর কাছে তুরাগ নদীতে রোববার পড়ে যাওয়া বাসটির নিখোঁজদের সন্ধানে আবার অভিযান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 03:30 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভার উপজেলার আমিনবাজারে সালেপুর সেতুর কাছে তুরাগ নদীতে রোববার পড়ে যাওয়া বাসটির নিখোঁজদের সন্ধানে আবার অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সালেপুর সেতুর কাছ থেকে বুধবার সকালে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সেতু থেকে পাঁচ কিলোমিটার দূরে সালেপুর এলাকার পানপাড়া ঘাটে একটি লাশ ভাসছে বলে স্থানীয়রা জানিয়েছে। লাশটি উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃত ১৩ জনের লাশের সন্ধান পাওয়া গেলো। এদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। ঢাকা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের বাসটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার ৫৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে তুরাগ নদী থেকে বাসটি উদ্ধার করা হয়। এর আগে ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিলো। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকালে থেকে সালেপুর সেতুর কাছ থেকে এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া পানপাড়া ঘাটে একটি লাশ ভাসছে। সেটি উদ্ধারে পুলিশ রওনা দিয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া জানান, নিখোঁজদের সন্ধান কাজ আজকের মতো (মঙ্গলবার) স্থগিত করা হয়েছে। দমকল-নৌ-সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল পাঁচটি রেকার ও একটি ক্রেনের সাহায্যে বাসটি তীরে টেনে আনে। বিকাল ৫টার দিকে বাসটির দু-তৃতীয়াংশ পানির ওপরে ওঠানো হয়। সেসময় উদ্ধারকর্মী দল জানায়, ভেতরে আর কোনো লাশ নেই। তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকে দাবি করেন, তাদের স্বজন দুর্ঘটনার সময় বাসের ভেতরে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯২৮ ঘ.