নরসিংদী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে একজন পরিবহন শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১০টায় শহরের কাউরিয়াপাড়ার পাশে আলীজান পাটকলের মাঠে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে।
নিহত জাকির হোসেন ওরফে বল্লা (৩০) বাস শ্রমিক ছিলেন। তিনি কাউরিয়াপাড়ার মতি মিয়ার ছেলে।
জাকিরের বোন রেনু বেগম সাংবাদিকদের জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রানাসহ (৩০) ৭-৮ জন রাত সাড়ে ৯টায় তার ভাইকে বাড়ি থেকে ডেকে ওই স্থানে নিয়ে গলা কেটে হত্যা করে।
নরসিংদী সদর থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৫ ঘ.
bdnews24