ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের এক নির্দেশের ফলে ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বুধবার আদালতে হাজির হতে হচ্ছে না।
বাবরকে দুই সপ্তাহ হাসপাতাল থেকে অন্য কোথাও না নিতে সরকারকে মঙ্গলবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে বাবরকে নির্ধারিত দিন ১৩ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা যাবে না।
মঙ্গলবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের বেঞ্চ বাবরের গত ৭ অক্টোবর করা এক আবেদনের প্রেক্ষিতে তাকে কোথাও না সরানো বিষয়ক আদেশ দেয়।
শারীরিক অসুস্থতার কারণে বাবরকে বুধবার আদালতে হাজির করা হচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম প্রতিনিধিকে মঙ্গলবার জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আলতাব হোসেন।
আলতাব হোসেন বলেন, "স্বাস্থ্যগত কারণে লুৎফুজ্জামান বাবরকে চট্টগ্রামে আনা হচ্ছে না। এ সংক্রান্তে একটি ফ্যাক্স বার্তা মঙ্গলবার রাতে চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছেছে।"
এ সংক্রান্ত আদেশ চট্টগ্রামের আদালতে অবহিত করা হবে।
গত ৭ অক্টোবর বাবরের করা আবেদনে বলা হয়, বাবর খুবই অসুস্থ। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্থানান্তর করা হলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে।
বাবরের আইনজীবী শাহ মঞ্জুরুল হক হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের বলেন, "বাবরকে দুই সপ্তাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে অন্য কোথাও না নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে বাবরকে বুধবার চট্টগ্রামের আদালতে হাজির করা যাবে না।"
সরকার পক্ষে বাবরের আবেদনটির বিরোধিতা করে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের উপস্থিতিতে ১০ দিনের হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি হওয়ার কথা।
গত ৩ অক্টোবর ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বাবরকে অস্ত্র মামলায় ১০ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
মহানগর হাকিম ফজলুল বারী বুধবার বাবরের উপস্থিতিতে হেফাজত আবেদনের শুনানির দিন ধার্য করেন।
২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র-গোলাবারুদ আটক করে পুলিশ।
ওইসময়ে তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদনকে প্রভাবিত করা মামলার তদন্ত অন্য খাতে প্রভাবিত করার অভিযোগ উঠেছে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে। সরকারি তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২২৫৮ঘ.
bdnews24