ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা- কোনো নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
এ বিষয়ে অনুমাননির্ভর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ কিংবা প্রচার না করার জন্যও সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইসির সোমবারের বৈঠকের পর কয়েকটি টেলিভিশন ও সংবাদপত্রে ঢাকা সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভোটের সম্ভাব্য তারিখ প্রকাশ ও প্রচার হয়।
এ বিষয়ে সাখাওয়াত মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "নির্বাচনের তফসিল তো লুকানোর মতো কোনো জিনিস নয়। নির্বাচনের দিনক্ষণ ঠিক করে মিডিয়াসহ পুরো দেশবাসীকে জানাবে নির্বাচন কমিশন।"
তিনি জানান, সোমবারের বৈঠকে ইউপি, পৌর ও ডিসিসিসহ সব নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হলেও কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী মাসে তফসিল চূড়ান্ত করা হবে বলে জানান সাখাওয়াত।
গত রোববার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। পরে এই উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "ডিসেম্বরে পৌরসভা ও ডিসিসি নির্বাচনে আমাদের কোনো দ্বিমত নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮২৫ ঘ.
bdnews24