ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ ও শ্যামপুরে মঙ্গলবার সকালে ও সোমবার রাতে এক গৃহবধূসহ তিনজন খুন হয়েছে।
এর মধ্যে দুটি খুনের ঘটনায় গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগের কুসুমবাগে একটি বাসায় দেবরের হাতে খুন হন রাবেয়া বেগম (২৪)। এই ঘটনায় রাবেয়া বেগমের স্বামী মোস্তাফিজুর রহমান আহত হন।
সবুজবাগ থানার উপপরিদর্শক প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোস্তাফিজুর রহমানের ছোট ভাই শাহীন বেশ কিছুদিন ধরে বেকার। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শাহীনের প্রায়ই ঝগড়া হতো। ঝগড়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে শাহীনকে বকাঝকা করেন মোস্তাফিজুর। এতে শাহীন উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে বটি এনে মোস্তাফিজুরকে কোপাতে থাকলে রাবেয়া বেগম এগিয়ে আসে। শাহীন তাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
বাসার লোকজন গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষনা করে। মোস্তাফিজুরের অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব মাদারটেকের একটি বাসায় মো. সেলিম (২৩) নামের এক যুবক ছুরিকঘাতে আহত হওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে মারা যায়। এই ঘটনায় মিতু নামের এক গৃহবধু আহত হয়।
সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব মাদারটেকের ওই বাসায় স্বামীর অনুপস্থিতিতে বাড়িওয়ালার ছেলে পরিচয় দিয়ে মো. সেলিম ভেতরে ঢুকে কুপ্রস্তাব দেয়। এক পর্যায়ে মিতু ফল কাটার ছুরি দিয়ে সেলিমকে উপর্যুপরি আঘাত করে। সেলিম ছুরিটি কেড়ে নিয়ে সেটা দিয়ে মিতুকেও আঘাত করে।
ওসি জানান, সেলিম রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরে আত্মীয়স্বজন এসে সেলিমকে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই আশপাশের লোকজন মিতুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
ওসি জানান, চিকিৎসাধীন অবস্থায় মিতুকে গ্রেপ্তার করা হয়েছে। মিতুর স্বামীর নাম মনির হোসেন। মনির ওষুধ ব্যবসায়ী। মিতু তার দ্বিতীয় স্ত্রী।
সেলিম এলাকার বখাটে যুবক জানিয়ে ওসি জানান, ধারণা করা হচ্ছে মিতু এবং সেলিম পূর্ব পরিচিত। সেলিম এই বাসায় প্রায়ই আসতো। তাদের দুজনের মধ্যে কোনো বিষয়ে মনমালিন্যের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটেছে।
ওদিকে শ্যামপুরে সোমবার রাতে মো. রণি (২৮) নামের এক যুবক খুন হয়েছে। ঢালকানগর লেন ফরিদাবাদ নেসারিয়া জামিয়া মাদ্রাসা সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পুলিশ রণির লাশ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্যামপুর থানার ওসি মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুলিনগর কাইয়ুম মিয়ার বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার পুত্র রণিকে তার বন্ধুরা ফোন করে সোমবার সন্ধ্যার পর বাসা থেকে ডেকে নিয়ে যায়। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রণির লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত সন্দেহে মনির, রাজা, সজল, পিচ্চি রানা নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/কেএমএস/১৫২০ ঘ.
bdnews24