২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসডুবিতে মৃতের সংখ্যা ৭

সাভারের আমিনবাজারে সালেপুরে তুরাগ নদীতে পড়ে যাওয়া বাস থেকে আরো পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 06:39 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে সালেপুরে তুরাগ নদীতে পড়ে যাওয়া বাস থেকে আরো পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো ৭। ঢাকা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ডুবুরিরা পাঁচটি লাশ উদ্ধার করে। এদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ওমর ফারুক (৫০), মো. মাসুদ (২৫) আরিফুল ইসলাম (২০), খোরশেদ আলম (২৮)। সকাল সাড়ে ৮টার দিকে ওমর ফারুকের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি সাভারের ইমনদিপুরে। তার ছেলে কাউসার আহমেদ লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে গেছে। বেলা সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয় আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠান অটবির কর্মী মো. মাসুদের লাশ। তার পিতার নাম মোতাহার আলী। বাড়ি বগুড়ার ধুনটে। ভাই সুমন ও চাচা শহীদুল ইসলাম তার লাশ শনাক্ত করেন। এশিয়ান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আরিফুল ইসলামের লাশ উদ্ধার হয় বেলা ১১টার দিকে। তার পিতার নাম আবদুল খালেক, বাড়ি চাঁদপুর উত্তর মতলবে। দুই বোন শাহীন সুলতানা ও তুহিন সুলতানা তার মৃতদেহ শনাক্ত করেন। ডুবুরিরা পানির নীচ থেকে তুলে আনেন ডার্ড গার্মেন্টসের গাড়ির সহকারী খোরশেদ আলমের মৃতদেহ। তার পিতার নাম মহিউদ্দীন। বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। খোরশেদ আলমের লাশ শনাক্ত করেন তার স্ত্রী পোশাক শ্রমিক জোসনা বেগম। তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন লাশ হস্তান্তর করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে নগদ দেওয়া হচ্ছে। বিনা খরচে লাশ বহন করছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে একজন যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে একজন ডুবুরী বাসটি থেকে ৫০ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। নিহত মকবুল গাজীর বাসা ঢাকার মহাখালী টিভি গেট এলাকায়। তার এক মেয়ের শ্বশুরবাড়ি সাভারে। তার হজে যাওয়ার কথা ছিলো। এজন্য রোববার সকালে তার সঙ্গে দেখা করতে সাভারে যাচ্ছিলেন মকবুল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো। ডুবে যাওয়ার পর বাসের আট যাত্রী তীরে উঠে আসেন। তবে এর মধ্যে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মনোয়ারা খাতুন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। ওদিকে বাসটি নদীর তলদেশে আগের অবস্থান থেকে প্রায় তিনশ গজ দক্ষিণে সরে গেছে বলে জানান মোজাম্মেল হক। তিনি বলেন, "বাসটি উদ্ধারে একটি ভাসমান ক্রেন নারায়নগঞ্জ থেকে আনা হচ্ছে। বার্জ মাউন্টেড ক্রেনটি উচ্চতার কারণে বছিলা সেতুর কাছে আটকে গেছে।" নদীর তলদেশে গর্তে আটকে থাকা অবস্থায় বাসটি টেনে তোলার চেষ্টা করার সময় সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দড়ি ছিড়ে পড়ে যায়। বাসটি আগের অবস্থানেই গিয়ে পরে বলে জানান সে সময় ঘটনাস্থলে উপস্থিত সাভার থানার ওসি মাহবুবুর রহমান। ডুবুরিরা বাসটির অবস্থান সম্পর্কে নিশ্চিত থাকার জন্য একটি হলুদ বল রশি দিয়ে বাসটির সঙ্গে বেঁধে দিয়েছেন। বলটি পানির উপরে ভেসে বাসের অবস্থান জানান দিচ্ছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বাসটি আগের অবস্থান থেকে প্রায় ৩০০ গজ দূরে সরে গেছে। বার্জ মাউন্টেড ক্রেনটি আনা হলে বাসটি টেনে তোলার কাজ শুরু করা হবে। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/ এসআইএম/এসএইচএ/এসআইটি/এলএইচ/কেএমএস/১১২০ ঘ.