নরসিংদী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যালিকাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নরসিংদী শহরে দুর্বৃত্তরা এক ব্যক্তিকে গুলি করেছে।
গুলিবিদ্ধ নজরুল ইসলামকে (২৮) প্রথমে নরসিংদী জেনারেল হাসপাতাল এবং পরে রাজধানীর বক্ষ্যব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে শহরের ব্রাহ্মণদি এলাকায় মালাকারের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
আহত নজরুল ব্রাহ্মণদির আব্দুর রব মিয়ার মেয়ে জামাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মটরসাইকেলে করে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে একই এলাকার অতুল (২০) ও তার কয়েকজন সহযোগী।
নজরুলের শরীরে দু'টি গুলি লাগে। এসময় তার চিৎকার শুনে লোকজন ছুটে এলে তারা মটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি তারেক আহমেদ ও সাধারণ সম্পাদক (জিএস) মহসীন হোসাইন বিদ্যুৎ গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে জেনারেল হাসাপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়।
নজরুলের শ্বাশুড়ি মুন্নী বেগম অভিযোগ করেন, অতুল প্রায়শই তার মেয়েকে উত্ত্যক্ত করত। নজরুল এতে বাধা দেওয়ায় অতুল ও তার সহযোগী ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এ ঘটনা ঘটায়।
এলাকাবাসী জানায়, নজরুল তার শ্যালিকা ব্রাহ্মণদি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মিমকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। তিনি শ্বশুরবাড়িতে থাকত।
জেলা প্রশাসক অমৃত বাড়ৈ ও পুলিশ সুপারিনটেনডেন্ট এজাজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24