মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারের সালেপুর সেতুর দুপাশের প্রবেশপথে ডব্লিউ আকৃতির প্রতিরোধক ছিল না। থাকলে রোববারের দুর্ঘটনা এড়ানো যেত বলে মত প্রকাশ করেছে দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউট।
ঢাকা-আরিচা মহাসড়কের ওই সেতু নির্মাণের সময় 'ব্রিজের এ্যাপ্রোচে'র কারিগরি ত্র"টির কারণেই তুরাগ নদীতে প্রায় অর্ধশত যাত্রীসহ বাসডুবির ঘটনা ঘটেছে বলে মনে করেন দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. শামসুল হক।
সোমবার সকালে আমিনবাজারের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর অ্যাপ্রোচ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায় প্রায় অর্ধশত যাত্রীসহ বৈশাখী পরিবহনের একটি বাস। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিল।
২৫ ঘণ্টা পর সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বাসটির সন্ধান পাওয়ার কথা জানান স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ।
পরিচালক শামসুল হকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এআরআই'র আরেক সদস্য এসএম সোহেল মাহমুদ জানান, শিগগির এ বিষয়ে অনুসন্ধান ও গবেষণা প্রতিবেদন তৈরি করে সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় সুপারিশ দেবেন তারা।
দুর্ঘটনার পূর্ণ তদন্ত করবে এআরআই
সোমবার সকালে প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এআরআই। বাসটি উদ্ধারের পর তা সবিস্তারে পর্যবেক্ষণ করে দুর্ঘটনা বিষয়ে সংস্থাটি পূর্ণ তদন্ত করবে বলে জানান এআরআই পরিচালক ড. শামসুল হক।
৯০-এর দশকে ঢাকা-আরিচা মহাসড়কটি এক সময় 'মৃত্যুফাঁদ' ছিল মন্তব্য করে এআরআই পরিচালক জানান, দুর্ঘটনা সূচকে বর্তমানে চট্টগ্রাম ও টাঙ্গাইল মহাসড়কের পরই ঢাকা-আরিচা।
ঢাকা-আরিচা সড়কের আরিচা ঘাট, ঘিওর, শিবালয়, মানিকগঞ্জ, ধামরাই ও সাভার-এর বাঁকে বাঁকে দুর্ঘটনার মৃত্যুকূপ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর খুব কাছে বৈশাখী পরিবহনটি বাম পাশে টায়ার পাংচার ও ওভারটেকিং করতে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারায়।
এ বিষয়ে শামসুল হক বলেন, "দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে। চালক কিংবা যান্ত্রিক ত্র"টির কারণেও তা ঘটতে পারে। কিন্তু সেতুর প্রকৌশলগত ত্র"টি না থাকলে হতাহতের এ চিত্র হয়তো ঘটতো না। সেফটি ব্যারিয়ার থাকলে আটকে যেত বাসটি।"
ডব্লিউ বিম থাকার কথা ২০-৩০ ফুট
মূল সড়কের চেয়ে চার থেকে ছয় ফুট উঁচু সেতু থাকলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। প্রচলিত নিয়মানুযায়ী, সেতুর দুই পাশের প্রবেশপথে ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত ডব্লিউ আকৃতির প্রতিরোধক (ডব্লিউ বিম) থাকা উচিত।
সালেপুর সেতুতে এরকম কোনো প্রতিরোধক ছিল না জানিয়ে এআরআই পরিচালক বলেন, "কিছু সাদা-কালো রঙের ছোট বোল্ড ছিল, যা রাতের বেলা পথ অনুসরণে সহায়তা করে।"
এআরই'র আরেক সদস্য এস এম সোহেল মাহমুদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালেপুর সেতুতে প্রকৌশলগত ত্র"টি ছিল। সাধারণত সেতুর রেলিংয়ের পাশে যে সামান্য উচ্চতার হাঁটাপথ থাকে এ সেতুতে তাও ছিলো না। থাকলে তাও সেতুর ওপর দুর্ঘটনার ক্ষেত্রে প্রতিরোধক হিসেবে কাজ করে।
বাসের সিট বিন্যাসে অনিয়ম
শহরে চলাচলকারী বাসগুলোর সিট বিন্যাসে বড় ধরনের অনিয়ম চলছে। এতে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা বাস থেকে দ্রুত বেরুনোর সুযোগ পায় না।
নিয়মিত বাসযাত্রী নির্মল কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরাঞ্চলের বাসের সিট এতো গাদাগাদি থাকে যে পা রাখার জো থাকে না। এক্ষেত্রে বাসে কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটলে সিটে বসেই মরতে হতে পারে।
রাজধানীর বিকল্প (ঢাকা মেট্রো জ ১১-২৮৯৮) বাসের চালক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধারণ ইঞ্জিনের সেসিস ও আনুষঙ্গিক বিষয় দেখে বাস কত সিটের হবে তা অনুমোদন দেয় কর্তৃপক্ষ। বাস্তবে দেখা যায়, ৩০ সিটের অনুমোদন নিয়ে ৪০ সিট করা হচ্ছে। এমনকি ৫০ সিটও করা হচ্ছে অনুমোদনহীনভাবে।
এ বিষয়ে দুর্ঘটনা বিশেষজ্ঞ শামসুল হক বলেন, "বাসের সিটগুলো এমনভাবে বসানো হচ্ছে যাতে বেরোনোর সহজ কোনো উপায় থাকে না। মালিকরা লাভের আশায় বেশি সিট বসিয়ে যাত্রীদের মৃত্যু ডেকে আনছে।
"সাভারের দুর্ঘটনায়ও এমন হয়ে থাকতে পারে। বাস ডুবে যাওয়ার পর হয়ত কেউই সুযোগ পায়নি জানালা দিয়ে বের হওয়ার।"
স্বাভাবিক নিয়ম অনুযায়ী একটি জানালা দুজনের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা নয় বলে জানান তিনি।
নিরাপদ সড়ক ডিজাইন এবং সড়কের সময়োপযোগী ও যথাযথ রক্ষণের পাশাপাশি নিয়মিত সড়কের নিরাপত্তা অডিট করার সুপারিশ করেন এআরআই বিশেষজ্ঞরা।
অধ্যাপক শামসুল হক বলেন, "দুর্ঘটনা রোধে বাসের ফিটনেস সনদ দেওয়ার সময় গাড়ির আসন বিন্যাস তদারকি বাধ্যতামূলক করতে হবে।"
এছাড়া যানবাহন নিরাপত্তা, শিক্ষা, প্রশিক্ষণ, প্রচার, যুগোপযোগী আইন প্রণয়ন, কার্যকরী প্রয়োগ ও ট্রাফিক আইন অনুসরণে ব্যাপক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।
দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক
বছরে গড়ে তিন থেকে চার হাজার মানুষ দুর্ঘটনায় মারা যায় বলে পুলিশের রেকর্ড রয়েছে। মারাত্মক আহত হয় পাঁচ হাজারের বেশি।
দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের তথ্য তুলে ধরে অধ্যাপক শামসুল হক জানান, প্রতিদিন ঢাকায় সড়ক দুঘটনায় গড়ে একজন মানুষ মারা যায়। আর দেশে প্রতিদিন গড়ে মারা যায় ১০ জন মানুষ।
তবে বিশ্বব্যাংক-এর তথ্য মতে, দুর্ঘটনায় মুত্যুহার প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এ হার গড়ে ৫০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫২ ঘ.
bdnews24