২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিক কর্মচারীদের হামলায় আহত দুই

চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে সোমবার দুপুরে সরকার সমর্থিত শ্রমিকদের হামলায় বেসরকারি বার্থ অপারেটরের দুই কর্মচারী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে সোমবার দুপুরে সরকার সমর্থিত শ্রমিকদের হামলায় বেসরকারি বার্থ অপারেটরের দুই কর্মচারী আহত হয়েছে। আহতরা হলেন- মাঈনুদ্দিন (৩৭) ও আলী আজগর (২৭)। তারা বেসরকারি বার্থ অপারেটর ফজলী এন্ড সন্সের কর্মচারী। মাঈনুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আজগরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম জানান, বেলা ১২টার দিকে বন্দরের সংরক্ষিত ৯ নম্বর জেটিতে কাজ করার সময় সরকার সমর্থক ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের কর্মীরা বেসরকারি ফজলী এন্ড সন্সের কর্মচারীদের ওপর হামলা চালায়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলায় ফজলী এন্ড সন্সের দুই কর্মচারী আহত হয়েছেন। তবে ৯ নম্বর জেটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (সিকিউরিটি) লেফট্যানেন্ট কর্নেল কামরুল ইসলাম। তিনি বলেন, "এতে আহত হওয়ার কোনো ঘটনাও ঘটেনি।" বন্দর সচিব সৈয়দ মোহাম্মদ ফরহাদ উদ্দিন জানান, ৯ নম্বর জেটিতে শ্রমিকদের সঙ্গে বার্থ অপারেটর কর্মীদের সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/পিডি/১৮৫৫ ঘ.