২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওড়াকান্দি-মাওয়া রুটে আবারো ফেরি বিকল

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে সোমবার ভোরে আরো দুটি ফেরির ইঞ্জিন বিকল হয়ে গেছে। এ নিয়ে বিকল হওয়া ফেরির সংখ্যা দাড়ালো আটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 08:05 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

মাদারীপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে সোমবার ভোরে আরো দুটি ফেরির ইঞ্জিন বিকল হয়ে গেছে। এ নিয়ে বিকল হওয়া ফেরির সংখ্যা দাড়ালো আটে। এ রুটের ১৩টি ফেরির মধ্যে বর্তমানে পাঁচটি ফেরি দিয়ে পারাপার হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল। এর ফলে মারাত্মক যানজট ও অসহনীয় দুর্ভোগের মধ্যে দিয়ে পারাপার হচ্ছে যাত্রীরা। এর আগে ছয়টি ফেরি বিকল হয়ে যায়। ওদিকে ফেরি সংকটের কারণে কাওড়াকান্দি-মাওয়া ঘাটে গত ১৫ দিন ধরে নিয়মিত চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর কাওড়াকান্দি ঘাটের সহ-ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই রুটে চলাচলকারী ফেরিগুলো দীর্ঘদিনের পুরনো হয়ে যাওয়ায় প্রায় সময়ই ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে।" তিনি জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফেরি 'থোবাল' ও 'টাপলোর' ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফেরী দুটো মেরামতের জন্য মাওয়া ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। তিনি বলেন, "পাঁচটি ফেরি দিয়ে যান পারাপার করার কারণে যানজট লেগে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৪ ঘ.