২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও নাটোরের পথে খালেদা

সিরাজগঞ্জ ও নাটোরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 06:00 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ ও নাটোরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তার গাড়িবহর রওনা হয়। এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেহাদ দিবস উপলক্ষে ম্যাডাম সিরাজগঞ্জে এক গণজমায়েতে বক্তব্য রাখবেন। পরে তিনি গত শুক্রবার আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর বাড়িতে যাবেন।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিরাজগঞ্জ যাওয়ার পথে দুপুরে যুমনা রিসোর্টে যাত্রা বিরতি করবেন বলে তিনি জানান। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপিকা সারোয়ারি রহমান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। গত ১২ মে বরিশালে বিভাগীয় জনসমাবেশের পর সিরাজগঞ্জে প্রথম রাজনৈতিক সমাবেশ করতে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১০ অক্টোবর ছাত্রদল নেতা নাজিরউদ্দিন জেহাদ ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন। জেহাদের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে তার নিজ জেলায় এই গণজমায়েতের আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১৫৪ ঘ.