নোয়াখালী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলায় মৃত আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে হাতিয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫।
রোববার উপজেলার কেরিংচরের পশ্চিম আদর্শ গ্রামের ঝোপের ভেতর থেকে উদ্ধার করা হয় তাপস চন্দ্র শীলের (১৮) লাশ।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশীদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত অপর চারজন হলেন- জাহাজমারা ইউনিয়নের বিরবিরি এলাকার মো. জহির (১২), কেরিংচরের পুর্ব মজলিশ পুরের মো. শেখ ফরিদ (৩), নলের চরের পূর্ব আদর্শ গ্রামের পারভিন আক্তার (আড়াই বছর) ও নিঝুম দ্বীপের সুর্যোদয় কলোনীর তানিয়া আক্তার (৩)।
জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম জানান, নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিুচাপটি শুক্রবার উপকূল অতিক্রম করে। এর প্রভাব ও অমস্যার অস্বাভাবিক জোয়ারে বৃহস্পতিবার ও শুক্রবার ১১ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৭ ঘ.
bdnews24