ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী (বীর বিক্রম) মারা গেছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
মুক্তিযোদ্ধা মঈনুল হোসেনের প্রথম নামাজে জানাযা রোববার বাদ জোহর ক্যান্টনমেন্ট মসজিদে এবং দ্বিতীয় জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।
তিনি স্ত্রী রুবি চৌধুরী, ছেলে আসিফ চৌধুরী ও মেয়ে আম্বেরিন চৌধুরীকে রেখে গেছেন।
ক্যান্সার আক্রান্ত মঈনুল হোসেন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে গত ৬ অক্টোবর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) ছিলেন।
হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক কামারুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছিলো।
জীবনী
মই্নুল হোসেন চৌধুরীর জন্ম সিলেটের গোলাপগঞ্জে। স্কুল ও কলেজে কৃতি ছাত্র হিসেবে তার পরিচিত ছিলো। এর পর পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন নিয়ে তার সেনা জীবন শুরু হয়।
একাত্তরের মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জেড ফোর্সের ব্যাঙ্গল ব্যাটেলিয়ানে কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মইনুল হোসেন চৌধুরী। তিনি সেনা বাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেলসহ গুরুত্বপূর্ণ বিগ্রেডে ও বিভাগের কমান্ডিং এর দায়িত্বে ছিলেন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু সরকার তাকে বীরবিক্রম পদক প্রদান করে।
মইনুল হোসেন চৌধুরী ২০০১ সালে প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন।
খালেদার শোক
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া জেনারেল মইনুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বানীতে তিনি মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে মইনুল হোসেন চৌধুরী বীরত্বপূর্ণভাবে জেড ফোর্সে দেশের জন্য যুদ্ধ করেছেন। তার এই অবদান জাতি চিরতরে স্মরণ করবে।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেনারেল মইনুলকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। আইসিইউতে তাকে দেখার পর তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপিকা সারোয়ারি রহমান ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডিকে/টিএ/এজে/আরএ/১৩১০ ঘ.
bdnews24