২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১৪৫ 'বিদ্রোহীর' বিচার শুরু

বিডিআর বিদ্রোহের ঘটনায় নওগাঁয় ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের ১৪৫ জন সদস্যের বিচার কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 04:35 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

নওগাঁ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় নওগাঁয় ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের ১৪৫ জন সদস্যের বিচার কাজ শুরু হয়েছে। এজন্য রোববার সকাল ১০টায় ৪৬ রাইফেল ব্যাটালিয়ান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালতে আদালত বসেছে। তবে কোনো আসামিকে আদালতে হাজির করা হয়নি। ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের মেজর মঞ্জুর আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিডিআর রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। তাকে সহায়তা করছেন লেফটেন্যান্ট কর্নেল খালিদ ও মেজর তৌহিদ। গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন নওগাঁয় ৪৬ রাইফেল ব্যাটালিয়ানেরসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। নওগাঁর ঘটনায় সদর মডেল থানার ওসি আমিনুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ১৮ মে ডিএডি তোছিরসহ ২১ জনের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে তদন্ত শেষে ১৪৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিদ্রোহের অভিযোগে বিডিআর আইনে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৩২ ঘ.