২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে টর্নেডোয় শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্রবার রাতে দুই দফা টর্নেডোয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 05:44 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

চাঁদপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্রবার রাতে দুই দফা টর্নেডোয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। এছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি কাত হয়ে পড়ায় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় নিুচাপ চলে যাওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে পাঁচ মিনিটের ব্যবধানে উপজেলার মোহনপুর ও জহিরাবাদ ইউনিয়নের তিনটি গ্রামের ওপর দিয়ে টর্নেডো দুটি বয়ে যায়। এতে মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচআনী গ্রামের সফিকুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৪০), পারুল (৩০), মাফিয়া বেগম (৪৫), নুরে আলম (৩০), নুরুল আমিন (৩৫) সহ ১০ জন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কাশেম মাস্টার শনিবার সকালে ঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানিয়েছেন, টর্নেডোয় তার ইউনিয়নের পাঁচআনী ও দেওয়ানকান্দি পাঁচআনি এবং জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচআনি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিন গ্রামের শতাধিক ঘর-বাড়ির পাশাপাশি কয়েক হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউপি চেয়ারম্যান কাশেম মাস্টার বলেন, "প্রথমে দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং পরে উত্তর-পশ্চিম দিক থেকে ঝড় আসে।" তিনি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা হবে। পাঁচআনী গ্রামের জয়নব বেগম (৫৫), ইলিয়াস শিকদার (৪০), খলিল শিকদার (৬০), নাজির আহমেদ দেওয়ান (৬৫) ও প্রতিবন্ধী গোলাম মোস্তাফা (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঝড়ে বসত-ঘর হারিয়ে তারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে রয়েছেন খোলা আকাশের নিচে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব উত্তর উপজেলার কর্মকর্তা মোবারক হোসেন জানিয়েছেন, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি কাত হয়ে পড়েছে। এ কারণে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটিগুলো ঠিক করে দ্রুত পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪২ ঘ.