২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শুক্রবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:20 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

কুষ্টিয়া, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শুক্রবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আমজাদ হোসেন (৪০)। তিনি একই উপজেলার নগরবাঁকা গ্রামের সাদ আহমদের ছেলে। পুলিশ বলছে, আমজাদ নিষিদ্ধ চরমপন্থী সংগঠন গণবাহিনীর সদস্য ছিলেন। তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় চারটি হত্যা ও একটি অপহরণ মামলা রয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন ভেদামারী গ্রামে অভিযান চালায়। তিনি বলেন, তখন গ্রামের একটি ইপিল ইপিল বাগানের ভেতর চরমপন্থীরা গোপন বৈঠক করছিলো। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সদস্যরা ইপিল ইপিল বাগানের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের লক্ষ করে গুলি চালায় চরমপন্থীরা। "এসময় পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। শনিবার সকালে এলাকাবাসী লাশটি আমজাদ হোসেনের বলে সনাক্ত করেন।" ময়না তদন্তের জন্য আমজাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় ১২ দিনের ব্যবধানে আরেকটি কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম নামের একজন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯১৮ ঘ.