২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা রক্ষার দাবিতে সমাবেশ

অবিলম্বে শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গাকে অবৈধ দখল ও দূষণমুক্ত করার দাবিতে শুক্রবার নারায়ণগঞ্জে নাগরিক সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 06:13 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গাকে অবৈধ দখল ও দূষণমুক্ত করার দাবিতে শুক্রবার নারায়ণগঞ্জে নাগরিক সমাবেশ হয়েছে। সকালে শহরের টার্মিনাল ঘাট এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নির্ভীক নারায়ণগঞ্জ যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জের মূল জীবনীশক্তি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা আজ ধ্বংসের মুখে। গত দুই দশকে নদী দুটির তীরে অবৈধভাবে গড়ে উঠেছে ঘর-বাড়ি, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। নদীতে বেড়েছে যাত্রী, মালবাহী নৌকা এবং লঞ্চ-স্টিমার। নদীর পানিতে যুক্ত হচ্ছে শত শত ট্যানারি, ডাইং, বিভিন্ন কলকারখানার বর্জ্য, জলযান নিঃসৃত তেল-ময়লা ও লুব্রিকেন্ট। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্ভীক নারায়ণগঞ্জ এর প্রধান সমন্বয়ক এটিএম কামাল। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু- ঢাকার এই চার নদীর অবৈধ স্থাপনা উদ্ধারসহ হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের জন্য গত ৬ অক্টোবর সরকারকে আরো ছয় মাস সময় দিয়েছে উচ্চ আদালত। আদালত রায় বাস্তবায়নের অগ্রগতি তিন মাস পর জানাতে ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসকদেরও নির্দেশ দেয়। এই চার নদী বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারের প্রতি বেশ কয়েকটি নির্দেশনা ৩০ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের আদেশ ছিলো আদালতের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.