২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূল প্লাবিত: প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

সাগরে নিম্নচাপের কারণে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে উপকূল এলাকা। ঘরচাপায়, পানিতে ডুবে ও বজ্রপাতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 04:05 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে নিম্নচাপের কারণে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে উপকূল এলাকা। ঘরচাপায়, পানিতে ডুবে ও বজ্রপাতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জোয়ারের পানি ঘরে উঠে পড়ায় উপকূল এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। পানিবন্দি হয়ে আছে চরাঞ্চলের লক্ষ মানুষ। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-পূর্ব দিকে এগিয়ে সন্ধ্যা ৬টায় মংলার পাশ দিয়ে উপকূল অতিক্রম করেছে। এটি এখন বরিশাল-নোয়াখালী এলাকায় স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে জানিয়ে বুলেটিনে বলা হয়, এটি আরো উত্তর-পূর্ব দিকে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে ফেরি চলাচলও। বরগুনায় ঘরচাপা পড়ে দুজন এবং পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে বজ্রপাতে তিনজন মারা গেছেন। বরিশালে পানিতে ডুবে ও বজ্রপাতে মারা গেছে দুজন। ভোলায় ঘরচাপায় দুজন এবং পানিতে ডুবে মারা গেছে তিনজন। সাগরে বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার ডুবে কয়েকশ" জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের অনেকেই ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। বরগুনায় তিনজনের মৃত্যুর খবর দিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি। ঝড়ে ঘরচাপা পড়ে আমতলী উপজেলায় নিহত হয়েছে দুজন। তারা হলেন- শাখারিয়া গ্রামের মিনারা বেগম (৩০) ও উত্তর টিয়াখালী গ্রামের নরেণ (৭)। উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজনের মৃত্যু ছাড়াও ঘর ও গাছচাপা পড়ে আহত হয়েছেন ১৫ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আমতলীর বরবগী ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে বাইন বুনিয়া এলাকায় এমভি আজমীর নামে একটি ট্রলার ডুবে একজন জেলে মারা গেছেন। চরকালনী গ্রামে পানিতে ডুবে মারা যায় সাফিন (৫)। বরগুনার উপকূলীয় উপজেলাগুলোতে বিভিন্ন বেড়িবাঁধ ধসে প্রায় আখ খানেক মানুষ পানিবন্দি বলে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন। শুক্রবার রাতে চারটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এসব ট্রলারের ২৭ জন জেলের মধ্যে তিনজন নিখোঁজ বলে স্থানীয়রা জানিয়েছেন। এরা হলেন- এফবি আজমির ট্রলারের আলী আহাম্মদ, এফবি ছকিনার নিজাম উদ্দিন ও আবু হানিফ। সাগরে মাছ ধরতে যাওয়া শতাধিক জেলের সন্ধান মিলছিলো না বলে এর আগে ট্রলার মালিক সমিতি জানিয়েছিলো। সে বিষয়ে বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি শুক্রবার দুপুরে বলেন, "ইউসুফ মাঝি নামে একজন তার স্ত্রী বাদুরতলা গ্রামের ফাতিমা বেগমকে মোবাইল ফোনে জানিয়েছে, বরগুনার ২৭টি ট্রলারের ৩৫৮ জন জেলে ভারতীয় সীমানায় নিরাপদ আশ্রয়ে আছেন।" বাগেরহাট প্রতিনিধি জানান, দুপুরে মোল্লাহাট উপজেলার কাহালু গ্রামে বজ্রপাতে দুই সহোদরসহ মারা গেছে। আহত হয়েছেন তাদের বাবা। সুন্দরবন পূর্ব বিভাগের সুপতি স্টেশন সংলগ্ন ভোলা নদীতে মাছ ধরার সময় মারা যান একজন। নিহতরা হলেন- কাহালপুর গ্রামের তৈয়ব মোল্লার ছেলে রঞ্জু মোল্লা (১৮) ও ময়র মোল্লা (২৬) এবং শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের কাদের হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৩৫)। বজ্রপাতে রঞ্জু ও ময়র মোল্লার বাবা তৈয়ব মোল্লা (৬৮) আহত হয়েছেন। মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে বৃষ্টির সময় কাহালপুর গ্রামের তৈয়ব মোল্লা ও তার দুই ছেলে রঞ্জু ও ময়র নিজেদের চিংড়ি ঘেরে কাজ করছিলেন। সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস জানান, দুপুর দেড়টার দিকে ভোলা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান কাওছার। এছাড়া বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ। জেলার পাঁচটি উপজেলার অসংখ্য চিংড়ি ঘের ভেসে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, বাগেরহাট সদর, রামপাল, চিতলমারী, মংলা ও মোরেলগঞ্জ উপজেলায় চিংড়ি ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সব এলাকায় অন্তত ত্রিশ হাজার চিংড়ি ও সাদা মাছের ঘের ও পুকুর প্লাবিত হয়েছে। প্রাথমিক হিসাবে জেলায় মাছের ক্ষতি চল্লিশ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নূরুল ইসলাম জানান, মাদারদিয়া, রাধাবল্লভ ও সাউথখালী এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে ঢুকে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বাগেরহাট পৌরসভার বিসিক ও সংলগ্ন গোবরদিয়া বিল প্লাবিত হয়ে ষাট ঘর আদর্শ গ্রাম, পুটিমারী, রাধাবল্লভ, কাঠুয়া, গোমতি প্রভৃতি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া ষাটগম্বুজ, খানপুর, রাখালগাছি, ডেমা ও কাড়াপাড়া ইউনিয়নের অসংখ্য মাছের ঘের ভেসে গেছে। বরিশাল প্রতিনিধি জানান, সকালে বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামে হাসেম নামের একটি ব্যক্তির বাড়ির উঠোনে পানিতে ডুবে মারা গেছে তার মেয়ে উর্মি (৪)। পরিবারের সদস্যদের বরাত দিয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. যতীন্দ্র চন্দ্র রায় জানান, অব্যাহত বৃষ্টিতে হাসেমের বাড়ি তলিয়ে যায়। উর্মি সবার অগোচরে উঠোনের পানিতে নেমে ডুবে যায়। পরে ভেসে উঠলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে। মুলাদী উপজেলার আলিমাবাদ গ্রামে বিকাল সাড়ে ৩টার দিকে বজ্রপাতে শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূ বজ্রপাতে মারা গেছেন। তিনি গ্রামের নান্টু খানের স্ত্রী। তাদের দুটি সন্তান রয়েছে। স্থানীয় বাসিন্দা আনসার সদস্য মকফার উদ্দিন জানান, ঝড়-বৃষ্টির মধ্যে জরুরি কাজে দুই সন্তানের জননী শিল্পী বেগম ঘরের বাইরে বের হন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে মকফার জানান। চট্টগ্রাম অফিস জানায়, উপকূলীয় উপজেলা আনোয়ারা ও বাঁশখালীর বেড়িবাঁধ ভেঙে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি গ্রামে জোয়ারের পানি ঢুকে পড়েছে। উপজেলা দুটির দেড় লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে পড়েছে। আনোয়ারার রায়পুর, জুইদণ্ডী ও তৈলারদ্বীপ ইউনিয়ন জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার তিনশর মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকদের সরিয়ে নেয়া হচ্ছে এবং শুকনো খাবার দেয়া হচ্ছে। বাঁশখালীর খানখানাবাদ, ছনুয়া, মৌলভিবাজার, শেখেরখিল, গন্ডামারা, প্রেমাশিয়া এলাকায় সমুদ্রের পানি বেড়িবাঁধ উপচে ভেতরে ঢুকে পড়ে। কয়েকটি স্থানে আগে থেকে বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় এসব এলাকা দ্রুত তলিয়ে যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয় সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস জানান, বাঁশখালীতে শতাধিক চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। এছাড়া আমন ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার চারটি ইউনিয়নে জোয়ারের পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থাণীয় বেড়িবাঁধের ১০-১২টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফেনী প্রতিনিধি জানিয়েছেন, উপকূলীয় উপজেলা সোনাগাজীর ১২টি গ্রাম প