২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের প্রথম ফ্লাইটের সময় পরিবর্তন

বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট রাত পৌনে ১১টার পরিবর্তে ভোররাতে ঢাকা ছাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট রাত পৌনে ১১টার পরিবর্তে ভোররাতে ঢাকা ছাড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছে। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের প্রথম ফ্লাইটটি ৯ অক্টোবর ভোররাত সাড়ে ৩টায় জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে রওনা হবে। এ ফ্লাইটের ছাড়ার সময় ছিলো শুক্রবার রাত ১০টা ৪০ মিনিট। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রস্তুতির কারণে সময়সূচির এই পরিবর্তন হয়েছে।" প্রথম ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাতে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জিএম কাদের এবং ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবেন। হজ কর্মকর্তা বজলুল হক বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম হজ ফ্লাইটের সব প্রস্তুতি শেষ হয়েছে। এই ফ্লাইটের হজযাত্রীরা ইতিমধ্যে হজ ক্যাম্পে রিপোর্ট করেছেন।" শনিবার ভোরে নন ব্যালটি (বেসরকারি ব্যবস্থাপনা) হজযাত্রীরা স্পেন থেকে ভাড়ায় আনা বোয়িং-৭৪৭ বিমানে ঢাকা ছাড়বেন। হজ ফ্লাইট চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার আশকোনা হাজী ক্যাম্পে হজ ক্যাম্প-২০১০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর হজযাত্রীর সংখ্যা প্রায় ৯৪ হাজার। গতবছর এ সংখ্যা ছিলো ৫৮ হাজার। সৌদি এয়ারলাইন্সসহ ১০টি এয়ারলাইন্সের বিমানে এসব হজযাত্রীদের যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৫ ঘ.