২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব সংস্কৃতির বিকাশে মনোযোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী

নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির আলোকে নিজস্ব একটি শিল্পভাষা তৈরিতে উদ্যোগী হওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 10:09 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির আলোকে নিজস্ব একটি শিল্পভাষা তৈরিতে উদ্যোগী হওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিজস্ব শিল্প ও সংস্কৃতির বিকাশে আমাদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার সকালে মাসব্যাপী চতুর্দশ এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, "বিশ্বায়নের তীব্র প্রতিযোগিতার এ সময়ে আমাদের দেশের মহান ঐতিহ্য, মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ উত্তরাধিকার এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। সময়ের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে আমাদের শিল্প ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলতে হবে।" দেশের শিল্পী সমাজ তাদের মেধা ও মনন দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই প্রদর্শনীতে ২৭টি দেশের ১শ ৪৪ জন শিল্পীর ৩শ শিল্পকর্ম স্থান পেয়েছে। এদের মধ্যে ৪২ জন বাংলাদেশী শিল্পী। অংশগ্রহণকারী ৯ জন শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, "দেশের মাটি-মানুষ ও সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে কালজয়ী কিছু সৃষ্টি করা সম্ভব নয়। জানালা বন্ধ রাখা যাবে না; খোলা রাখতে হবে। যাতে সমকালের শিল্প চিন্তা ও মননের অগ্রসরতা সম্পর্কে আমরা জানতে পারি এবং তা থেকে আমাদের নিজস্ব সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করতে পারি। অন্যরাও আমাদের মহৎ কর্ম দেখে শিখতে পারবে। "আমাদের এই আয়োজন দেবার আর নেবার, মেলাবার আর মিলবার। শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক জগতে বাঙালীর রয়েছে সুমহান ঐতিহ্য। আমাদের রয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ। আমাদের শিল্পাঙ্গনকে উজ্জ্বল করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন, এস এম সুলতান, পটুয়া কামরুল ও শাহাবুদ্দিন প্রমুখ বরেণ্য শিল্পী।" তিনি বলেন, "আমাদের সরকার সংস্কৃতির বিকাশ ও পৃষ্ঠপোষকতায় শুধু অগ্রণীই নয়, সামগ্রিক উন্নয়ন কৌশল ও একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্পৃক্ত করতে সদা সচেষ্ট।" প্রধানমন্ত্রী আরো বলেন, "যে কোন অনাচার-অবিচার, বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে আমাদের শিল্পী সমাজকে বরাবরই সোচ্চার ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে দেখি। দেশ ও জাতির সংকটের সময় তাদের অবদান জাতি কৃতজ্ঞার সঙ্গে স্মরণ করে। বস্তুত এই সংগ্রামী ভূমিকা তাদের ভাবমূর্তি ও শিল্প মানসকে উজ্জ্বল করার পাশাপাশি সমৃদ্ধ করেছে আমাদের শিল্প ভূবনকে।" প্রধানমন্ত্রী বলেন, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এ দেশে হত্যা ও ক্যু'র রাজনীতি প্রচলনের পাশাপাশি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করার অপচেষ্টা হয়েছে বার বার। আমাদের লোকজ সংস্কৃতিকে পায়ে ঠেলে বিদেশী অপসংস্কৃতি প্রবেশ করানোর চেষ্টা হয়েছে। "জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন ও তার অনুসৃত পররাষ্ট্র নীতির আলোকে আমরা ভিশন-২০২১ বাস্তবায়নের জন্যে কাজ করে যাচ্ছি।" "বাংলাদেশ বিশ্ব শান্তি ও সৌহার্দ্যে বিশ্বাসী। নানাবিধ বৈশ্বিক চ্যালেঞ্জের মুখেও প্রত্যয় এবং অঙ্গীকার নিয়ে মানব কল্যাণে সামষ্টিক উদ্যোগ গ্রহণে আন্তর্জাতিকভাবে আমরা তৎপর। আমরা উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম বিভাজন ডিঙ্গিয়ে বৈশ্বিক সেতুবন্ধন নির্মাণের পক্ষে।", বলেন তিনি। প্রধানমন্ত্রী চতুর্দশ এশীয় চারুকলা প্রদর্শনীর সাফল্য কামনা করে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি পুরস্কারপ্রাপ্ত ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। শিল্পকলা একাডেমী আয়োজিত এই চতুর্দশ এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতি সচিব হেদায়েতুল আল-মামুন, জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুন্নবী ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। পরে প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্পকর্ম পরিদর্শন করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট শিল্পী, কবি, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। আগামী ৬ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৬০৫ ঘ.