বরগুনা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে ঘরচাপা পড়ে এবং ট্রলার ডুবে বরগুনায় অন্তত তিনজন মারা গেছেন। সাগরে নিখোঁজ শতাধিক জেলের সন্ধান এখনো মেলেনি।
বঙ্গোপসাগরের নিুচাপের কারণে স্বাভাবিকের চেয়ে অন্তত ৭ ফুট বেশি উঁচু জোয়ারের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলোচ্ছ্বাসের পাশাপাশি মৃত্যুর খবরও আসতে শুরু করেছে।
নিুচাপের প্রভাবে উপকূল এলাকাসহ প্রায় সারাদেশে বৃহস্পতিবার থেকে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হচ্ছে। উপকূল এলাকার বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে কয়েক হাজার মানুষ।
ঝড়ে ঘরচাপা পড়ে আমতলী উপজেলায় নিহত হয়েছে দুজন। তারা হলেন শাখারিয়া গ্রামের মিনারা বেগম (৩০) ও উত্তর টিয়াখালী গ্রামের নরেণ (৭)। উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঝড়ে শাখারিয়া ও উত্তর টিয়াখালী গ্রামের ৩০ থেকে ৩৫টি ঘর ধসে গেছে। আহত হয়েছে ১৫ জন। তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিুচাপের কারণে আবহাওয়া অধিদপ্তর সাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে ভিড়তে বলেছিলো। তবে উত্তাল সাগরে বুধবার রাত থেকে ১০টি মাছ ধরা ট্রলার নিখোঁজ রয়েছে। ওই সব ট্রলারে ১৪০ জন জেলে আছেন।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিখোঁজ ১৪০ জন জেলের সন্ধান আজ (শুক্রবার) সকাল পর্যন্ত পাওয়া যায়নি।"
পাথরঘাটা ট্রলার শ্রমিক হ্যান্ডেলিং সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, "এসব ট্রলার দিক হারিয়ে ভারতীয় সীমানায়ও চলে যেতে পারে।"
আমতলীর বরবগী ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিদ্ধাছকি, মরানিদ্ধা, আমখোলা, খোট্টারচর, নাওভাঙ্গা এলাকার ১২শ পরিবার ঘর ছেড়ে বেড়ি বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার রাতে বাইন বুনিয়া এলাকায় এমভি আজমীর নামে একটি ট্রলার ডুবে একজন জেলে মারা যায় বলে ইউপি সদস্য কবির জানান।
বৃহস্পতিবার রাতে বেতাগী উপজেলার আলীয়াবাদ এবং বামনা উপজেলার জাফরাখালী এলাকায় বেড়ি বাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। সহস্রাধিক মানুষ বাড়ি ঘর ছেড়ে কুমিরমারা, গাজী মাহামুদ, বড়ইতলা, তালতলী বেড়ি বাঁধে আশ্রয় নিয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরউদ্দিন জানান, "জেলার নয়টি বেড়ি বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম।"
পুরাকাটা-আমতলী ও বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
পানি উঠেছে পৌর এলাকায়ও। বরগুনা পৌরসভার মেয়র মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরকলনী, পশ্চিম বরগুনা, বড়িয়ালপাড়াসহ শহরের দুই শতাধিক ঘর অর্ধেক ডুবে গেছে।
দুর্ঘটনা এড়াতে এসব এলাকায় বুধবার রাত ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24