ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং অমাবস্যার কারণে দেশের উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুটের বেশি জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রাখা হয়েছে।
ওদিকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বরগুনা প্রতিনিধি জানিয়েছেন, সেখানে ঝড়ে ঘরচাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাগরে মাছ ধরতে গিয়ে বুধবার রাতে নিখোঁজ হওয়া ১৪০ জন জেলের সন্ধান শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৯টায় দেওয়া বুলেটিনে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এলাকায় অবস্থান করছে।
এটি শুক্রবার সকাল ০৯ টায় (০৮ অক্টোবর, ২০১০ইং) চট্রগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬১০ কি. মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কি. মি. দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৪২০ কি. মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো (১৯.৬μ উত্তর অক্ষাংশ এবং ৮৭.০μ পূর্ব দ্রাঘিমাংশ)।
বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি আরো জোরদার হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং শুক্রবার বিকাল নাগাদ খুলনার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঝড়ো হাওয়া অব্যাহত আছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি. মি. এর মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কি. মি., যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকবে।
বুলেটিনে আরো বলা হয়, নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলাসমূহ কক্সবাজার, চট্রগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবতী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বিশেষ বুলেটিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫৫ ঘ.
bdnews24