রাঙামাটি, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতা অভিলাষ চাকমা (৩৭) নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত ৪টার দিকে রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় অবস্থিত অভিলাষ চাকমার বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায় সন্ত্রাসীরা।
নিহত অভিলাষ চাকমার বাড়ি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) বাসভবন থেকে ৬-৭শ' গজ দূরে।
সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অভিলাষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
কতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জয়নাল জানিয়েছেন, রাত পৌনে ৪টার দিকে ২-৩ জন সন্ত্রাসী প্রথমে অভিলাষ চাকমার বাড়ির দরজা-জানালা ভাঙার চেষ্টা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এক পর্যায়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে অভিলাষ চাকমার মাথায় পর পর দুই রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অভিলাষের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।"
এএসআই জয়নাল আরো জানান, অভিলাষের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০১৮ ঘ.
bdnews24